৪৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী চালুর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৪৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী চালু করা হবে। এ জন্য কয়েকটি বাদে সব উপজেলায় একটি করে বিদ্যালয়কে নির্বাচন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে এসব বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী চালু করার সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, যেসব এলাকায় উচ্চবিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব বেশি, যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াতে পারবেন এবং অবকাঠামোগত অবস্থা ভালো আছে, সেগুলোকেই ষষ্ঠ শ্রেণী চালুর জন্য নির্বাচিত করা হয়েছে। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী শেষ করা শিক্ষার্থীরা যেমন ভর্তির সুযোগ পাবে, তেমনি বাইরের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। সচিব বলেন, আগামী বছর থেকে এসব বিদ্যালয়ে সপ্তম এবং তার পরের বছর অষ্টম শ্রেণী চালু করা হবে। পাশাপাশি নতুন আরও বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী চালু করা হবে। পরে পর্যায়ক্রমে পুরো প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী করা হবে।জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণী স্তর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার কথা বলা হয়েছে। এই নীতির ভিত্তিতে একটি উপকমিটি করা হয়। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করে। সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে।