হ্যামিল্টন টেস্ট: বাংলাদেশের বিপক্ষে দিনশেষে নিউজিল্যান্ড ২৫৮/৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিল্টন টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথমদিন শেষে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে। ১৫৮ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককুলামের অনবদ্য জুটি নিউজিল্যান্ডকে একটি সমূহ বিপদের হাত থেকে রক্ষা করে। গাপটিল ৮০ ও ম্যাককুলাম ৫৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন। এর আগে টসে জিতে রোদহীন পরিবেশে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান। বাংলাদেশের তিন পেসার শাহাদাত, শফিউল ও রুবেল হোসেনের বলে কিউই ব্যাটসম্যানরা প্রথম থেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না। দলীয় ১৭ রানে শফিউলের বলে ম্যাকিনটোশ ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন। ৫৭ রানে ওয়াটলিং ও ৬৬ রানে ইনগ্রামকে আউট করে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে একটা ধাক্কাই দেন পেসার রুবেল হোসেন। এরপর রস টেইলর ও গাপটিলের মধ্যে একটি ইনিংস বাঁচানো গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। দলীয় ১২৪ রানের মাথায় আবার আঘাত হানেন রুবেল। তিনি তাঁর বলে অস্বস্তিতে ভুগতে থাকা রস টেইলরকে অফস্টাম্পের বাইরের একটি চমত্কার আউট সুইঙ্গারে মুশফিকুরের হাতে ধরা পড়তে বাধ্য করেন। এরপর কিউই দলপতি ড্যানিয়েল ভেট্টরির বিপক্ষে রুবেল হোসেনের একটি এলবিডব্লিউ আবেদন নাকচ করে দেন অস্ট্রেলিয়ান আম্পায়ার হার্স্ট। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, সেটা ছিল একটি ভালো আবেদনই। যাহোক, শেষ পর্যন্ত ভেট্টরিকে নিয়ে বেশিক্ষণ চিন্তা করতে হয়নি বাংলাদেশ দলের। ব্যক্তিগত ১০ রানে ভেট্টরি তাঁর ‘কাউন্টারপার্ট’ সাকিবের একটি অসাধারণ বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফেরেন।চা-বিরতির পরের পুরো সময়ই গাপটিল ও ম্যাককুলামময়। একটা সময় পর্যন্ত বাংলাদেশের পেসাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করলেও গাপটিল ও ম্যাককুলাম সেই চাপ অনেকটাই কাটিয়ে উঠেছেন। উল্টো এখন চাপ বাংলাদেশের বোলারদের ওপর। কারণ গাপটিল ও ম্যাককুলামের কল্যাণে ভালো একটা সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে কিউইরা। সংক্ষিপ্ত স্কোরটস: বাংলাদেশনিউজিল্যান্ড (১ম ইনিংস) ২৫৮/৫ (৬৯ ওভার)গাপটিল ৪০, ম্যাককুলাম ৫৪, ইনগ্রাম ৪২, টেইলর ৪০রুবেল হোসেন ৩/৮৬, সাকিব আল হাসান ১/৩৪, শফিউল ইসলাম ১/৫৪।