৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বাংলালিংক এগ্রো বাংলাদেশ ২০১০’
‘আগামী দিনের কৃষি’ স্লোগান নিয়ে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে কৃষি মেলা ‘বাংলালিংক এগ্রো বাংলাদেশ ২০১০’। কৃষি মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এক্সট্রিম, এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড’ ও ‘আই স্টেশন কমিউনিকেশনস’ যৌথভাবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। ৭ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। গতকাল শনিবার রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে বাংলালিংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজকেরা আরও জানান, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ অতিথি এবং সমাপনী দিনে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশের ইয়াকুব খান বলেন, মুঠোফোনভিত্তিক কৃষি সম্পৃক্ততার জন্য বাংলালিংক বিশেষভাবে কাজ করছে। কৃষিভিত্তিক তথ্য দেওয়ার ক্ষেত্রে খরচ আরও কমিয়ে আনতে কাজ চলছে। এক্সট্রিম, এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন সাহা বলেন, মেলায় কৃষি খাতে সম্পৃক্ত ব্যবসায়ী এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হবে। এই মেলা থেকে কৃষি উত্পাদনে মাটি পরীক্ষার বিষয়ে কৃষকদের সচেতন করতে পরামর্শ দেওয়া হবে।আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এ মেলায় আয়োজক সহযোগী হিসেবে কাজ করছে। মেলায় দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও ১৫ দেশের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সব মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠানের জন্য দেড় শতাধিক স্টল থাকছে। এতে অংশ নেওয়া দেশগুলো হচ্ছে—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, মিসর, জাপান, নেদারল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্য। এ মেলার টাইটেল পৃষ্ঠপোষক বাংলালিংক, ব্যাংকিং সহযোগী দ্য সিটি ব্যাংক, সেমিনার সহযোগী ইরি ছাড়াও মেলার গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে চ্যানেল আই ও কৃষি বিপ্লব। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ, সিটি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান বদরুদ্দোজা চৌধুরী এবং আই স্টেশন কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক এম এস সাহা।