জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ক, ঘ, ঙ, চ, ছ ইউনিটের মেধা তালিকার ছাত্রছাত্রীদের ভর্তির সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঘোষিত সময়সূচি অনুযায়ী ২২-২৩ নভেম্বর মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের ইউনিট অফিসে কাগজপত্র যাচাই-বাছাই করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগের নির্ধারিত আসনসংখ্যা মোতাবেক ভর্তি ফরম সরবরাহ করা হবে। ২৪ ও ২৫ নভেম্বর এসব বাছাইকৃত ছাত্রছাত্রীদের ভর্তি হতে হবে। ২৮ নভেম্বর শূন্য আসনের বিপরীতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ পরিবর্তন করা যাবে।এ ছাড়া অপেক্ষমাণ তালিকার ১ থেকে ১০০০ পর্যন্ত প্রার্থীদের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত এবং ১০০১ থেকে ২০০০ পর্যন্ত প্রার্থীদের ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইউনিট অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই-বাছাইয়ের জন্য উপস্থিত হতে হবে।ক, ঘ, ঙ, চ, ছ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের ২২ থেকে ২৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu—এ ঠিকানায় গিয়ে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানা গেছে।