বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ এপ্রিল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের প্রতি অবিচার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলে তাঁদের মুক্তির দাবিতে জামায়াত এ কর্মসূচি দিয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বলেন, যে আইনে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে তা আন্তর্জাতিক মানের নয়। এ আইনে বিচার হলে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে। বাংলাদেশের সম্মান ভূলুণ্ঠিত হবে।আজহারের মতে, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ খুবই জনপ্রিয় নেতা। তাঁরা একাত্তরে কোনো অপরাধ করেননি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে সরকার যুদ্ধাপরাধের বিচারের ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।