৫ ও ৬ মের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি টিআইবির
সব পক্ষকে সংযম প্রদর্শন এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ছাড়াও ৫ ও ৬ মের ঘটনাবলির ওপর শ্বেতপত্র প্রকাশ ও নিরপেক্ষ বিচারিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিআইবি।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই দাবি জানান। তিনি বলেন, ‘গত ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার কারণে হতাহতের এবং জনসম্পত্তি বিনষ্টের ঘটনায় আমরা স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। সমাবেশ থেকে বহুমুখী অরাজকতার মাধ্যমে যেভাবে সহিংসতার পরিবেশের সৃষ্টি করা হয়েছে, তা গণতান্ত্রিক কাঠামোতে মতপ্রকাশ ও অধিকারচর্চার সুযোগের আড়ালে উগ্র, অগণতান্ত্রিক ও ধ্বংসাত্মক এবং স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অশনিসংকেত। আমরা ৫ ও ৬ মে সংঘটিত সব ধরনের সহিংসতা ও উগ্র কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সম্পূর্ণ নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।’এ ছাড়াও মতিঝিলের শাপলা চত্বর থেকে সমাবেশকারীদের অপসারণে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান পরিচালনা করেছিল, তার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং ওই অভিযানে হতাহতসংক্রান্ত গুজবের অবসানে সরকারকে দ্রুত শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘গুজব আরও সহিংসতার ইন্ধন জোগাতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে হলে গুজবের বিস্তার রোধে স্বচ্ছতার কোনো বিকল্প নেই।’ ইফতেখারুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় প্রকাশিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সংঘটিত যেকোনো মৃত্যু ও সহিংসতার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারকে দৃঢ় মনোভাব প্রদর্শন এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।বিরাজমান সংঘাতময় অবস্থার অবসানে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক সংলাপের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে দুই দলের মধ্যে মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সংঘাতময় পরিস্থিতি শুধু উগ্র ও অগণতান্ত্রিক শক্তির বিকাশের সুযোগ সৃষ্টি করছে। এর নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের আপামর জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা বিপর্যস্ত হবে, যার দায় দুই দলকেই নিতে হবে।’