৫ জানুয়ারি ইভিএমে ভোট, সেনা মোতায়েন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসি জানিয়েছে, সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এবারই প্রথম কোনো নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম ব্যবহূত হচ্ছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না।এদিকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের আপত্তি জানিয়েছে। তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি করেছে। তবে ইসি উভয় দাবি ‘ঠিক নয়’ ও অপ্রয়োজনীয় বলে নাকচ করে দিয়েছে। তফসিল অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর শুক্রবার। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর। ৫ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা করার সময় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। সব কেন্দ্রে ইভিএম: প্রথমবারের মতো কোনো নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম ব্যবহার প্রসঙ্গে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলোর পরামর্শ অনুযায়ী ইসি ইভিএম পদ্ধতি ব্যবহার করছে। স্থানীয় নির্বাচনে এ পদ্ধতি সফল হলে জাতীয় নির্বাচনেও তা ব্যবহার করা হবে। তিনি বলেন, ‘ভোটাররা বলছেন ভালো, যাঁরা ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করছেন, তাঁরাও বলেছেন ভালো। শুধু একটি রাজনৈতিক দলের বিরোধিতার জন্য এ পদ্ধতি স্থগিত রাখা ঠিক নয়।’ সিইসি জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য এবারই প্রথম সব কেন্দ্রে কমিশনের নিজস্ব ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হবে।এর আগে চট্টগ্রাম (এক ওয়ার্ডের ১৪ কেন্দ্র) ও নারায়ণগঞ্জে (নয় ওয়ার্ডের ৫৮ কেন্দ্র) ইভিএমে ভোট হয়। সেনা মোতায়েন হচ্ছে না: নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না বলে জানান সিইসি এ টি এম শামসুল হুদা। তবে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হবে। তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে পুলিশ গা ছাড়াভাবে কাজ করে। তা ছাড়া নির্বাচনে র‌্যাব যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেনাবাহিনী তা পারে না। সেনাবাহিনীকে কিছু করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। সে জন্য র‌্যাব-পুলিশ সক্রিয়ভাবে কাজ করলেই আমাদের বেশি লাভ।’ শামসুল হুদা বলেন, ‘কুমিল্লা দেশের সবচেয়ে ছোট সিটি করপোরেশন। এ নির্বাচনে সেনা মোতায়েনের প্রশ্নই ওঠে না।’ সিইসি জানান, নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য প্রতি ওয়ার্ডে একজন করে মোট ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসারের ২৪ জন করে সদস্য থাকবেন। ইসির পরিপত্রে জানানো হয়েছে, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব পর্যায়ের মোট নয়জন কর্মকর্তা। পরিপত্র অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ৮৬ হাজার ৭৪ জন এবং পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৬৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪২১টি। গত জুলাইয়ে দুটি পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী, তফসিল ঘোষণার ১৮০ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এ নির্বাচন শেষ করতে হবে। দলগুলো বিধান মানছে না: তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেভাবে সভা-সমিতি করে প্রার্থী মনোনয়ন দিচ্ছে, তা সংগত নয়। সব দল আইন অনুযায়ী অঙ্গীকারবদ্ধ যে তাদের কোনো অঙ্গসংগঠন থাকবে না। কিন্তু এই বিধান কোনো দলই মানছে না। দুটি বড় দলকে এ জন্য চিঠি দিয়েও কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেন তিনি।আচরণবিধি সংশোধন: কুমিল্লা সিটি নির্বাচন কেন্দ্র করে ইসি সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি সংশোধন করেছে। সংশোধিত আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী শোডাউন করতে পারবেন না। প্রার্থীকে তফসিলি ব্যাংকে নতুন একটি হিসাব খুলে মনোনয়নপত্রে এর নম্বর, ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে। নির্বাচনের পুরো ব্যয় এই হিসাব থেকে করতে হবে। গতকাল সিইসি আরও বলেন, কোনো প্রার্থী প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। প্রার্থী নিজে বা তাঁর পক্ষে অন্য কেউ বিলবোর্ড, পোস্টার, দেয়াললিখন, ব্যানার, ফেস্টুন বা ডিজিটাল ব্যানার লাগালে তা ২৫ নভেম্বরের মধ্যে সরিয়ে ফেলতে হবে। মেয়র প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতে পারবেন, কিন্তু ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন না। তবে কাউন্সিলররা ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রাণী ও বিলবোর্ড ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালায় মেয়র ও কাউন্সিলর (সাধারণ-সংরক্ষিত) পদে বরাদ্দের জন্য ৬৮টি প্রতীকের মধ্যে ১২টি প্রাণীর (পশুপাখি) প্রতীক রয়েছে। এর আগে নির্বাচনী এলাকায় প্রার্থীদের জীবন্ত মুরগি নিয়ে বাড়ি বাড়ি যাওয়া ও হাতিতে চড়ে ঘোরার খবরে বিতর্ক সৃষ্টি হয়েছিল।বিএনপির ইভিএমে আপত্তি ও সেনা মোতায়েনের দাবি কুমিল্লা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। একই সঙ্গে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে। গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ দাবি জানানো হয়। তবে বিএনপির চিঠি নির্বাচন কমিশনে পৌঁছার আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে বাহক মারফত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার দপ্তরে পৌঁছে দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ইভিএম এমন একটি যন্ত্র, যার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে এখনো অনেকের মধ্যে সন্দেহ আছে। এই যন্ত্রের সঙ্গে ভোটাররা পরিচিত নন। কারিগরি ছলচাতুরী ছাড়াও ভোট গ্রহণ কর্মকর্তার সঙ্গে সমঝোতা করে এক ব্যক্তির পক্ষে কোনো প্রার্থীকে একাধিক ভোট দেওয়া সম্ভব। এই বিবেচনায় অনেক দলের মতো বিএনপিও নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছে। চিঠিতে সব দল ও মতের সম্মতি ছাড়া ইভিএম ব্যবহার না করার অনুরোধ করা হয়। চিঠিতে মির্জা ফখরুল বলেন, অন্যথায় জনগণ এই ‘নির্বাচনী প্রহসন’ বর্জন করলে তার দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে।