৫ জুন ফখরুদ্দীন-মইনকে আবার ডেকেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমদকে আগামী ৫ জুন হাজির হতে বলেছে সংসদীয় কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান।শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনাসদস্যদের মধ্যে সংঘর্ষের বিষয়ে বক্তব্য দিতে গত ২৯ মার্চ তাঁদেরকে আজ সোমবারের বৈঠকে হাজির হতে বলেছিল। তবে বিদেশে অবস্থানরত দুজনই কমিটির সামনে হাজির হতে অপারগতা প্রকাশ করে কমিটিকে চিঠি দেন।রাশেদ খান মেনন বলেন, তাঁদের (ফখরুদ্দীন ও মইন) দেওয়া ওই চিঠি অর্থহীন। চিঠিতে তাঁরা ২০-২২ আগস্ট পর্যন্ত ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে ওই সময় যে ৬৪টি মামলা হয়েছিল, অসংখ্য ছাত্র-শিক্ষককে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছিল—সে সম্পর্কে তাঁরা কিছু বলেননি। তিনি বলেন, তাঁরা অনেক বিষয় পাশ কাটিয়ে গেছেন। কমিটি সেসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আগামী ৫ জুনের সভায় তাঁদের আবার ডেকেছেন। মেনন জানান, আগামী ১৯ মে ওই সময়কার ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কমিটি বৈঠক করবে। ওই বৈঠকে রাজশাহী র্যাব-৫-এর তত্কালীন প্রধান, সেনা কর্মকর্তা সিনা ইবনে জামালী ও ডিজিএফআইয়ের কর্মকর্তা শামসকেও ডাকা হয়েছে।কমিটির আজকের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত হয়ে সে সময়ের ঘটনার বর্ণনা দেন।