৫ জুন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তবে যেসব এলাকায় ওই দিন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। একই দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও ওই দিন হরতাল ডেকেছে।আজ বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে হরতালের দিন সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, সব শিক্ষাপ্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ও অসাংবিধানিক বলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়ের সূচনা করেছেন। তিনি ভুলে গেছেন, বর্তমান সরকারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয়েছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি একটি মীমাংসিত বিষয়। তাই এ বিষয় সম্পর্কে কোনো রায় মানতে জনগণ বাধ্য নয়। প্রধানমন্ত্রী এ রায়কে কেন্দ্র করে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, যা জাতিকে অনিশ্চয়তা, সংঘাত ও সংঘর্ষের দিকেই ঠেলে দেবে। গত দুই বছরে সরকারের ব্যর্থতার কারণে কারচুপি ছাড়া নির্বাচনে আর জয়লাভ করা সম্ভব নয়, এটা তাঁরা বুঝে গেছেন। এ কারণেই তাঁরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ষড়যন্ত্র করছে।আজ বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামও হরতালের ঘোষণা দেন।দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা সংবিধানে বহাল রাখার ব্যাপারে পুরো জাতি ঐক্যবদ্ধ। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পুনরায় ক্ষমতায় আসার নীলনকশা বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে। তাই গণতন্ত্র রক্ষার স্বার্থেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।