বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের
৫ জুন সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত
৫ জুন রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। গতকাল বুধবার পৃথক সংবাদ সম্মেলন করে চারদলীয় জোটের এই দুই শরিক এ কর্মসূচি ঘোষণা করে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সংসদীয় বিশেষ কমিটির প্রস্তাব ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।এদিকে ব্যবসায়ী নেতারা দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল তিনটায় এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ওই দিন যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।বিএনপির সমমনা দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিও (এনপিপি) একই দিন হরতাল ডেকেছে। চারদলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) হরতালে সমর্থন জানিয়েছে।বিএনপির সূত্র জানায়, গত মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ব্যাপারে আলোচনা হয়। এরপর ওই দিনই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চারদলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করেন। দাবি আদায়ে ভবিষ্যতে এ ধরনের আরও কঠোর কর্মসূচি পালনের ব্যাপারে একমত হয়েছে শরিক দলগুলো।জানা গেছে, জামায়াত পৃথকভাবে হরতাল কর্মসূচি ঘোষণা করলেও তা যুগপৎভাবে পালিত হবে। শরিক দলের নেতারা জানিয়েছেন, আপাতত জোটগতভাবে কর্মসূচি দেওয়া হচ্ছে না।বিএনপির সংবাদ সম্মেলন: সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের দিন সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ও অসাংবিধানিক বলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়ের সূচনা করেছেন। তিনি ভুলে গেছেন, বর্তমান সরকারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয়েছে।মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একটি মীমাংসিত বিষয়। তাই এ বিষয় সম্পর্কে কোনো রায় মানতে জনগণ বাধ্য নয়। প্রধানমন্ত্রী এ রায়কে কেন্দ্র করে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তা জাতিকে অনিশ্চয়তা, সংঘাত ও সংঘর্ষের দিকেই ঠেলে দেবে। তিনি অভিযোগ করেন, গত দুই বছরে সরকারের ব্যর্থতার কারণে কারচুপি ছাড়া নির্বাচনে আর জয়লাভ করা সম্ভব নয়, এটা তাঁরা বুঝে গেছেন। এ কারণেই তাঁরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ষড়যন্ত্র করছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।জামায়াতের সংবাদ সম্মেলন: বিকেল তিনটায় বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ৫ জুন সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ঘোষণার প্রতিবাদে তাঁরা গণতন্ত্র রক্ষার স্বার্থেই হরতালের কর্মসূচি দিয়েছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ টি এম আজহার বলেন, ‘জোটের শরিকদের পরস্পর আলোচনার ভিত্তিতেই হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুর রব, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কৃতী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করলে কেবল দেশ ও জাতিই নয়, আওয়ামী লীগ নিজেও ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি তারা এমন সময় বুঝবে, যখন আর সংশোধনের সুযোগ পাবে না।হরতালের বিকল্প কর্মসূচি চান ব্যবসায়ী নেতারাগতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে ব্যবসায়ী সম্প্রদায়ের নেতারা বলেন, হরতাল রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার হলেও এতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে। এর ফলে রপ্তানি কার্যক্রম ব্যাহত এবং বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম বলেন, ব্যবসায়ীরা কখনোই হরতালকে সমর্থন করেন না। যদিও তৈরি পোশাকশিল্প হরতালের আওতামুক্ত, তবে রপ্তানিপণ্য পরিবহনে সমস্যা হওয়ায় অনেক সময় জাহাজীকরণে বিলম্ব হয়। ফলে উড়োজাহাজে করে পণ্য পাঠাতে হয়। এতে ব্যয় বেড়ে যায়, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি আমজাদ খান চৌধুরী বলেন, ‘আমরা হরতালের ঘোর বিরোধী। হরতাল ব্যবসা ও দেশের জন্য ক্ষতি বয়ে আনে। রাজনৈতিক বিষয়ে সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমীর হোসেন খান বলেন, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পরের দিন রোববার হরতাল ডাকা একটা দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি। ব্যবসায়িক ক্ষতি হয়, এ জন্য ব্যবসায়ী সমাজ কখনোই হরতাল সমর্থন করে না।এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, হরতাল দেশের অর্থনীতির জন্য সব সময়ই ক্ষতিকর। হরতাল জনগণের ভোগান্তি ও কষ্ট বাড়ায়। ব্যবসা-বাণিজ্য ও রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যদিও হরতাল রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার; তার পরও বলব, একুশ শতকে এসে রাজনীতিবিদদের পুরোনো চিন্তাভাবনার পরিবর্তন করা প্রয়োজন। তিনি হরতালের পরিবর্তে বিকল্প কর্মসূচি দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।এদিকে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়ে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের সুতার বাজারে অস্থিতিশীলতা এ শিল্পকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের নিট পোশাকের অন্যতম প্রধান সূতিকাগার ইউরোপ থেকে রপ্তানি আদেশ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় শিল্পমালিকেরা উদ্বিগ্ন।