৫ নেতাকে মুক্তি না দিলে জামায়াতের গণ-আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ পাঁচজন নেতার অবিলম্বে মুক্তি দাবি করেছে। অন্যথায় সংগঠনটি জনগণকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দিয়েছে। আজ বুধবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামায়াতকে নির্মূল করার গভীর ষড়যন্ত্র করছে। তাঁদের দলের এই পাঁচজনের কেউ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতে ছিলেন না। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম বারবার তদন্ত করেও তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাচ্ছে না। এখন শুধু সময়ক্ষেপণ করে মিথ্যা অভিযোগ সাজানোর অপচেষ্টা চলছে। এ জন্য বিনা বিচারে জামায়াতের শীর্ষ নেতাদের সাড়ে আট মাস কারাগারে আটক রাখা হয়েছে। আমরা সরকারের স্বৈরাচারী আচরণে তীব্র প্রতিবাদ জানাই।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, নুরুল ইসলাম, মাওলানা এ কে এম মাসুম, মশিউল আলম প্রমুখ।উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান গ্রেপ্তার রয়েছেন।