৫ বছরে বিনিয়োগ লাগবে ২৪ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট-ট্রানশিপমেন্ট দেওয়ার জন্য ১৪টি করিডর চিহ্নিত হয়েছে। এর মধ্যে আটটি সড়ক, পাঁচটি রেল ও একটি নৌপথ। তবে ট্রানজিট ও ট্রানশিপমেন্টের উপযুক্ত অবকাঠামো না থাকায় করিডরগুলোর উন্নয়নে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৩৪৭ কোটি ডলার বা ২৪ হাজার ২৯০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। আর প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পর বছরে বাংলাদেশ ১০০ কোটি ডলার বা প্রায় সাত হাজার কোটি টাকা আয় করতে পারবে।মূলত করিডরের অবকাঠামো উন্নয়নে রেল, সড়ক ও বন্দরের উন্নয়ন ও সংস্কারে ব্যয় করতে হবে বিপুল অঙ্কের উল্লিখিত অর্থ। আর তা করতে হবে ট্রানজিটসুবিধা চালুর পাঁচ বছরের মধ্যেই। এই অবকাঠামোগুলো তৈরি হয়ে গেলে তা দেশীয় পণ্য চলাচলের ক্ষেত্রেও বড় রকমের সুফল বয়ে আনবে। ফলে এই বিপুল বিনিয়োগের অন্যতম সুবিধাভোগী হবে দেশীয় পণ্য পরিবহনব্যবস্থাও।জানা গেছে, চিহ্নিত সড়ক করিডরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: গুয়াহাটি-তামাবিল থেকে বেনাপোল-পেট্রাপোল, শিলচর-সুতারকান্দি থেকে বেনাপোল-পেট্রাপোল, আগরতলা-আখাউড়া থেকে বেনাপোল-পেট্রাপোল এবং আগরতলা-আখাউড়া থেকে চট্টগ্রাম বন্দর। আর রেলওয়ে করিডরগুলোর মধ্যে শিলচর-শাহবাজপুর-ঢাকা-দর্শনা-গেদে, শিলচর-শাহবাজপুর-চট্টগ্রাম বন্দর এবং আগরতলা-আখাউড়া-ঢাকা-দর্শনা-গেদে উল্লেখযোগ্য। ১৪টি করিডরের মধ্যে ১২টি ব্যবসায়িক বিবেচনায় লাভজনক হবে। দুটি সড়ক করিডর—চট্টগ্রাম বন্দর থেকে তামাবিল এবং মংলা থেকে বুড়িমারী ব্যবসায়িক বিবেচনায় সফল হবে না। এ দুটি করিডর উন্নয়ন করতে যে ব্যয় হবে, তার তুলনায় আয় খুবই সামান্য হওয়ার আশঙ্কা থাকায় এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা।সরকারের সম্মতি নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হয়ে দেশি-বিদেশি সাতজনের একটি বিশেষজ্ঞ দল প্রায় তিন মাস কাজ করে ট্রনজিট ও ট্রানশিপমেন্টের এসব বিষয় চিহ্নিত করেছে। পণ্য পরিবহনের করিডর, পরিবহন যাতায়াতের সংখ্যা, সম্ভাব্য প্রকল্প ও ট্রানজিটের লাভক্ষতি নিয়েই প্রাথমিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে পাওয়া এই প্রতিবেদন অনুযায়ী ট্রানজিট ও ট্রানশিপমেন্ট চালুর প্রথম বছরেই এ আয় হবে না। শুরুতে প্রতিবছর সম্ভাব্য আয় হবে পাঁচ কোটি ডলার বা ৩৫০ কোটি টাকা। পাঁচ বছরের মধ্যে যদি পণ্য পরিবহনের উপযুক্ত অবকাঠামো গড়ে তোলা হয়, তাহলে পরবর্তী বছরগুলোতে আয় হবে ৫০ কোটি ডলার বা তিন হাজার ৫০০ কোটি টাকা। আর দীর্ঘ মেয়াদে এই আয় বেড়ে দাঁড়াবে ১০০ কোটি ডলার বা প্রায় সাত হাজার কোটি টাকা।বিশেষজ্ঞরা মনে করছেন, পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি অগ্রাধিকার-সুবিধা আছে রেলব্যবস্থায়। কলকাতা বন্দর থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দরের সরু রাস্তা ও নৌপথ দীর্ঘদিন অব্যবহূত থাকার ফলে ট্রানজিট ও ট্রানশিপমেন্টের ক্ষেত্রে রেলের অগ্রাধিকার-সুবিধা বেশি। রেললাইনগুলো ডবল লাইনে উন্নীত হওয়ার আগেই কনটেইনার পরিবহনের জন্য ১৪০টি কনটেইনার ওয়াগন (ফ্ল্যাট কার) সংগ্রহ করতে হবে। এর মধ্যে ৭০টি মিটারগেজ ও ৭০টি ব্রডগেজ। এসব কনটেইনার পরিবহনের জন্য দুটি ব্রডগেজ এবং দুটি মিটারগেজ ইঞ্জিন লাগবে। রাজধানীর কমলাপুরে অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে মিটার ও ব্রডগেজ দুটো সুবিধাই থাকার কারণে রেলের মাধ্যমে পণ্য পরিবহনে তেমন কোনো অসুবিধা হবে না। প্রতিবেদন অনুযায়ী, সড়কপথে পণ্য পরিবহনের জন্য ভারতীয় কাভার্ড ভ্যান বা কাভার্ড ট্রাক ঢোকার পরিবর্তে যৌথ উদ্যোগে একটি মালামাল পরিবহন কোম্পানি গড়ে তোলা যেতে পারে। এই কোম্পানির মালিকানায় ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের যৌথ অংশীদারি থাকতে পারে।তবে ট্রানজিট চালু হওয়ার শুরুতেই অবকাঠামো-দুর্বলতার কারণে খুব বেশি পণ্য পরিবহনের সুযোগ থাকবে না। প্রথম অবস্থায় ট্রানজিট ও ট্রানশিপমেন্টের মাধ্যমে মাত্র ১৮ লাখ টন পণ্যের চাপ নিতে পারবে বাংলাদেশে। পাঁচ বছরের মধ্যে যদি প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হয়ে যায়, তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় এক কোটি ৮০ লাখ টন পণ্য পরিবহন সম্ভব হবে। এ বিষয়ে এডিবির বাংলাদেশ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সমীক্ষার কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ট্রানজিট হচ্ছে পণ্য আমদানির পর সেই পণ্যটি একই পরিবহনে করে অন্য কোনো শুল্কবন্দর দিয়ে যখন দেশের বাইরে রপ্তানি হয়। আর ট্রানশিপমেন্ট হচ্ছে, পণ্য আমদানির পর তা খালাস করে অন্য পরিবহনের মাধ্যমে অন্য কোনো শুল্কবন্দর দিয়ে যখন রপ্তানি হয়।এদিকে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালেই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বন্দর দিয়ে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট শুরু হবে। এ জন্য সরকার গত ১০ জুন ট্রানজিট ও ট্রানশিপমেন্ট-সংক্রান্ত একটি বিধিমালা জারি করেছে। বিধিমালাটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। অবশ্য বিধিমালার পূর্ণ বাস্তবায়ন নির্ভর করছে বন্দর ও অবকাঠামো ব্যবহারে বাংলাদেশ-ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তির ওপর। ইতিমধ্যে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের মাধ্যমে ভারতীয় পণ্য পরিবহনের জন্য ‘পোর্ট অব কল’ ঘোষণার সম্মতিপত্রে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই সম্মতিপত্র বাংলাদেশ-ভারতের অভ্যন্তরীণ নৌবাণিজ্য ও ট্রানজিট প্রটোকলের অংশ হিসেবে গণ্য হবে। আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণার বিনিময়ে ভারতও আসামের শিলাঘাটকে পোর্ট অব কল ঘোষণা করেছে। এ ব্যাপারে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস প্রথম আলোকে বলেন, সরকার যে বিধিমালা তৈরি করেছে সেটি এ মুহূর্তে শুধু আশুগঞ্জের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বাকি করিডর ও বন্দরের ট্রানজিট ও ট্রানশিপমেন্ট নিয়ে কাজ চলছে বলে তিনি জানান। জানা গেছে, জারি করা বিধিমালায় বলা হয়েছে, কোনো পণ্য আমদানি-পর্যায়ে ট্রানশিপমেন্ট অথবা ট্রানজিটের জন্য বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আমদানি করা পণ্য কাভার্ড কনটেইনার ও কাভার্ড ট্রাকে পরিবহন করতে হবে। কোনো পণ্য কনটেইনারবাহী না হলে জাহাজ বা রেলপথে শুধু বাল্ক পণ্য হিসেবে পরিবহন করা যাবে। প্রতিটি চালানের সঙ্গে যথাযথ বিমা নোট অথবা সংশ্লিষ্ট দেশের যথাযথ কর্তৃপক্ষের দেওয়া নিশ্চয়তাপত্র থাকতে হবে।ট্রানজিট বা ট্রানশিপমেন্টের ক্ষেত্রে প্রবেশ-বন্দরে কনটেইনার, কাভার্ড ভ্যান বা কাভার্ড ট্রাকে আমদানি হলে শুল্ক কর্মকর্তার স্বাক্ষর করা সিলের মাধ্যমে তা সুরক্ষিত করতে হবে। আর পরবর্তী বন্দরে পণ্য পৌঁছানোর সিলের অখণ্ডতা পাওয়া না গেলে এর দায়দায়িত্ব পণ্য পরিবহনকারীকে নিতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পণ্য জাহাজে করে আমদানি হলে সংশ্লিষ্ট শুল্কবন্দর বিস্তারিত তথ্য পরবর্তী শুল্কবন্দরে অগ্রিম পাঠাবে এবং পরবর্তী বন্দর এই তথ্য মিলিয়ে দেখবে। পণ্য পরীক্ষার ক্ষেত্রে প্রবেশ-বন্দরের শুল্ক কর্মকর্তাদের দেওয়া সিল ঠিক থাকলে পরবর্তী বন্দরের শুল্ক কর্মকর্তারা পণ্য কায়িকভাবে পরীক্ষা করবেন না। তবে সিল ভাঙা অথবা অন্য কোনো অসামঞ্জস্য পাওয়া গেলে পরবর্তী বন্দরের শুল্ক কর্মকর্তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। জাহাজ বা রেলপথে বাল্ক পণ্য পরিবহনের ক্ষেত্রে ঘোষণার সঙ্গে কোনো অসামঞ্জস্য পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা অনুযায়ী, সড়ক বা রেলপথে ২০ ফুটের প্রতিটি কনটেইনারের জন্য ১০ হাজার টাকা শুল্ক দিতে হবে। সড়কপথে কাভার্ড ভ্যান বা কাভার্ড ট্রাকে এবং জাহাজ বা রেলের মাধ্যমে পণ্য পরিবহনের ক্ষেত্রে টনপ্রতি শুল্ক দিতে হবে এক হাজার টাকা। তবে আমদানি-নিষিদ্ধ পণ্য, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ, মদ ও মাদকদ্রব্য, বিপদাপন্ন প্রজাতির তালিকাভুক্ত প্রাণী, উদ্ভিদ ও জীবজন্তু ট্রানজিট ও ট্রানশিপমেন্টের আওতাবহির্ভূত থাকবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, অবকাঠামো যদি প্রস্তুত না হয়, তাহলে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট থেকে বাংলাদেশের খুব একটা আয় হবে না। ভারত যেহেতু এর বড় সুবিধাভোগী হবে, তাই অবকাঠামো উন্নয়নের অর্থ সংগ্রহে তাদের কাছ থেকে সহজ শর্তে ঋণ নেওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। একই সঙ্গে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট থেকে যে আয় হবে তার একটা অংশ অবকাঠামো উন্নয়নের জন্য ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেন, সরকার বিধিমালা জারি করলেও রেলের জন্য প্রয়োজনীয় প্রকল্পগুলোর কাজের কোনো অগগ্রতি নেই। সংস্কারকাজ আটকে থাকায় কারণে বিশ্বব্যাংক ও এডিবির অর্থগুলো আটকে আছে। সরকারের এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় ট্রানজিট ও ট্রানশিপমেন্ট চালু হলেও বাংলাদেশ খুব একটা সুফল পাবে না।বিধিমালা প্রণয়নকে স্বাগত জানিয়ে বেসরকারি গবেষণা-প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যৌথ ঘোষণায় বাংলাদেশে বন্দর ও অবকাঠামো ব্যবহারের জন্য দুই দেশ সম্মত হয়েছিল। এই বিধিমালা প্রণয়ন সেই ঘোষণাকে আরও এগিয়ে দিল। কিন্তু কোন বন্দর ট্রানজিট বা ট্রানশিপমেন্টের জন্য ব্যবহূত হলে বাংলাদেশ অগ্রাধিকার-সুবিধা পাবে, তা বিবেচনা করতে হবে। পণ্য পরিবহনের জন্য সড়ক, রেল অথবা নৌ—কোন মাধ্যম অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশের জন্য লাভবান হবে, সেটি আরও আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা দরকার বলে তিনি মত দেন।