২০০৮ সালের সেপ্টেম্বরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছিলেন এ এইচ এম খায়রুজ্জামান। তখন কর্মচারীদের ভবিষ্য তহবিল, অবসরপ্রাপ্ত কর্মচারীদের আনুতোষিক, বিদ্যুৎ বিলসহ সিটি করপোরেশনের দায়-দেনা ছিল প্রায় ২৮ কোটি টাকার। নিয়মিত বেতন পাচ্ছিলেন না কর্মকর্তা-কর্মচারীরা। করপোরেশনের সেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছিল।পাঁচ বছর দায়িত্ব পালনের পর চলতি মে মাসে খায়রুজ্জামান যখন মেয়রের দায়িত্ব ছাড়লেন, তখন সিটি করপোরেশনের কোনো দায়-দেনা নেই। রাজশাহী নগরের সর্বত্র উন্নয়নের ছোঁয়া। অতীতে যেখানে বছরে করপোরেশনের ১২ থেকে ১৫ কোটি টাকা রাজস্ব আয় হতো, সেখানে এখন রাজস্ব আয় হচ্ছে ৪০ কোটি টাকার বেশি। খায়রুজ্জামান আগামী ১৫ জুন অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন।নগরবাসী বলছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে খায়রুজ্জামান ২৩টি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে আইটি ভিলেজ, রেশমপল্লি গড়ে তোলা ও ইপিজেড নির্মাণকাজ হয়নি। তবে রাস্তাঘাট প্রশস্তকরণ, সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা, বাজার উন্নয়ন, বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিনোদনের ব্যবস্থা, পার্ক তৈরিসহ অন্যান্য প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি পাইপলাইনে গ্যাস-সংযোগের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে।জানতে চাইলে এ এইচ এম খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালে আমি যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি মনে করি সেগুলোর বাস্তবায়ন করতে পেরেছি। রাজশাহী শহর ঘুরলেই আপনারা তা দেখতে পাবেন। এখানে গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে, এর আগের ১৬ বছরেও তা হয়নি। সিটি করপোরেশনের এখন কোনো দায়-দেনা নেই। সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে। মেয়র থাকাকালে প্রতি মাসের কয়েকটি নির্দিষ্ট দিনে আমি নগরবাসীর অভাব-অনুযোগ শুনেছি। নগরবাসীই এখন আমার কাজ বিবেচনা করবেন।’সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালের সেপ্টেম্বরের আগের ১৬ বছরে রাজশাহীতে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। অথচ গত পাঁচ বছরেই হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকার উন্নয়নকাজ। আরও প্রায় ২০০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। এর ফলাফল হিসেবে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর পেয়েছে রাজশাহীবাসী।গত এক সপ্তাহে শতাধিক মানুষের সঙ্গে কথা হয়েছে। রাজনৈতিক বিষয়ে দ্বিমত থাকলেও তাঁরা সবাই গত পাঁচ বছরের উন্নয়নের বিষয়টি একবাক্যে স্বীকার করেছেন, উন্নয়নকাজে খুশি বলে জানিয়েছেন। সরেজমিনে যাচাই করতে গিয়েও এর সত্যতা মিলেছে। দেখা গেছে, শহরের সব সড়ক প্রশস্ত হয়েছে, তৈরি হয়েছে সুন্দর ফুটপাত। কোথাও যানজট নেই। রাজশাহী রেলস্টেশন ও বাসস্টেশনের কাছেই শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর (বিন্দুর মোড়)। বছর তিনেক আগেও অপ্রশস্ত এই মোড়ে দিনের বেশির ভাগ সময় যানজট থাকত। এখন ওই সড়কগুলো অনেক প্রশস্ত ও সৌন্দর্যমণ্ডিত। এই চত্বরে রয়েছে একটি ভাস্কর্য। এই এলাকার বাসিন্দা ব্যবসায়ী আরাফাত রুবেল বলেন, বাইরে থেকে নগরে ঢুকতেই এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।ওই চত্বর থেকে উত্তরে নওদাপাড়ায় তৈরি হয়েছে রাজশাহী গ্যাস স্টেশন, যা ছিল নগরবাসীর দীর্ঘদিনের দাবি। কামারুজ্জামান চত্বর থেকে সামনে এগুলো রাজশাহী টেক্সটাইল মিল। একসময়ে বন্ধ থাকা এই বস্ত্রকল খায়রুজ্জামান চালু করেছেন। বস্ত্রকলের পাশেই তৈরি হয়েছে রাজশাহী ওয়াসা। বিন্দুর মোড় থেকে রাজশাহী মেডিকেলের দিকে যেতে পূর্ব পাশ দিয়ে ফায়ার ব্রিগেডের দিকে চলে গেছে একটি প্রশস্ত রাস্তা। ফায়ার ব্রিগেড থেকে নওদাপাড়ার এই সংযোগ সড়ক বাইপাস পর্যন্ত গেছে। ওই এলাকার বাসিন্দারা জানান, এক বছর আগেও এটি ছিল সরু সড়ক। নগরে চোখে পড়বে এমন অনেক প্রশস্ত সড়ক, ফুটপাত। কেন্দ্রীয় উদ্যান থেকে শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারের দিকে আসার পথে পুরোনো নগরের ভবনের স্থানে নির্মিত হচ্ছে সিটি সেন্টার। উত্তরে নিউমার্কেটের পাশে এলে চোখে পড়বে দারুচিনি প্লাজা। আরেকটু উত্তরে গেলে চোখে পড়বে স্বপ্নচূড়া। এ দুটিই সিটি করপোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন। রাজশাহীতে সিটি করপোরেশনের আগে এমন কোনো বাণিজ্যিক ভবন ছিল না।শহরের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। রাজশাহীর যে স্থানটি এখন সবার নজর কাড়বে, সেটি পদ্মার পাড়। এখানে দুই কিলোমিটারজুড়ে হাঁটার রাস্তা, দুটি পার্ক ও অনেক মঞ্চ করা হয়েছে। বিনা মূল্যে পাওয়া যাচ্ছে ইন্টারনেটের সুবিধা (ওয়াইফাই)।সিটি করপোরেশন সূত্র জানায়, রাজশাহী বিমানবন্দর অনেক দিন বন্ধ ছিল। ২০১১ সালে এই বিমানবন্দরে আবার যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়।এসব উন্নয়নের বিষয়ে জানতে চাইলে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘রাজশাহীতে অনেক উন্নয়ন হয়েছে, এটি সত্যি। কিন্তু সেগুলোর সবই আমাদের আমলে শুরু করা। আমরা শরীরটা তৈরি করেছিলাম। মাপ দিয়ে রেখে গিয়েছিলাম। গত পাঁচ বছরে সেখানে কেবল জামা পরানো হয়েছে।’তবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রফিকউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির আমলে সিটি করপোরেশন দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছিল। তারা ১৬ বছরে যে উন্নয়ন করতে পারেনি, গত চার বছর সাত মাসে তার চেয়ে বহু গুণ বেশি কাজ হয়েছে। রাজশাহীর সব শ্রেণী-পেশার মানুষই এটি স্বীকার করবেন। আগামী নির্বাচনেই এর ফল পাওয়া যাবে।’