৫ মাসেও ক্ষতিপূরণ পায়নি নিহত ৩৭ শ্রমিকের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে নিহত হওয়ার পাঁচ মাস পরও ক্ষতিপূরণের টাকা পায়নি তাজরীন পোশাক কারখানায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৭ শ্রমিকের পরিবার। এর মধ্যে ৩৩ জনই নারী শ্রমিক। পরিবারগুলোকে একাধিকবার সময় দেওয়া হয়েছে। অনেক জায়গায় তারা ঘুরেছে। কিন্তু টাকা এখনো পায়নি। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই শ্রমিকদের ক্ষতিপূরণের টাকার চেক অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারগুলোর কাছে ওই চেক হস্তান্তর করবেন। এ জন্য একটু সময় লাগছে। ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী সময় দিতে পারছেন না।সাভার অঞ্চলের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর গ্রামে তুবা গ্রুপের ওই কারখানাটিতে গত বছরের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে নিহত ওই ৩৭ শ্রমিকের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।বিজিএমইএর এডিশনাল সেক্রেটারি এবং তাজরীনের নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টির তদারককারী কর্মকর্তা জগলুল হায়দার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের এখান থেকে অনেক আগেই সবার নামে চেক পাঠিয়ে দিয়েছি।’বিজিএমইএ সূত্র জানায়, তাদের এবং সংশ্লিষ্ট বাইং হাউসের পক্ষ থেকে প্রত্যেক শ্রমিকের নামে তিন লাখ টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যেককে দুই লাখ, ব্যাংকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে এক লাখ করে এবং শ্রম মন্ত্রণালয় থেকে প্রত্যেকের জন্য দেওয়া এক লাখসহ প্রতিটি শ্রমিকের পরিবার মোট সাত লাখ টাকার চেক পাবেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক চলে এলেই তা বিতরণ করা যায় না। চেকগুলো আবার প্রিন্ট করতে হয়। প্রতিটি কাজে ঊর্ধ্বতন মহলের অনুমতির বিষয় আছে। আমরাও শ্রমিকের পরিবারের অবস্থা বুঝতে পারছি। তবে চেকগুলো এখন হস্তান্তরের জন্য তৈরি। এখন শুধু প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষা।’ তাজরীনের সুইং অপারেটর নাজমা বেগম নিহত শ্রমিকদের একজন। তাঁর স্বামী অহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত ক্ষতিপূরণ পাই নাই। বিজিএমইএতে গেলে বলে চেক হইয়া গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফোন করলেও বলে টাকা পামু। কিন্তু কবে দিবে তা কিছু বলে না।’নিহত অপারেটর নুরুননেছা বেগমের মেয়ে মালা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কিছুদিনের মধ্যে তাকে কলেজে ভর্তি হতে হবে। মালা প্রথম আলোকে বলেছে, ‘শুনছি ক্ষতিপূরণের টাকা পাব। কিন্তু এখনো পাই নাই। বিজিএমইএতে ফোন করলে বলে, তোমরা এখনো টাকা পাও নাই? রংপুর থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করাও কঠিন। তাই ফোন করে করে খবর নিই।’নিহত মেরিনা আক্তারের স্বামী রুহুল আমীন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলছে খুব শিগগির ক্ষতিপূরণের চেক দেবে।তাজরীনের ঘটনায় নিহত অপর ৫৭ জন শ্রমিকের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগেই সাত লাখ টাকার চেক পেয়েছে।