৫ মে ঢাকায় আসছেন হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী ৫ মে ঢাকায় আসছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি চীন ও ভারত সফরের ফাঁকে বাংলাদেশে আসবেন। ঢাকার মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে জানায়, হিলারি ক্লিনটন আগামী ৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।এ ব্যাপারে জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র প্যাট্রিসিয়া হিল রাতে প্রথম আলো ডট কমকে বলেন, হিলারি ক্লিনটন আগামী ৫ মে ঢাকায় আসছেন। ঢাকা সফর শেষে তিনি দিল্লি যাবেন। আগামী কয়েক দিনের মধ্যে তাঁর সফরসূচি চূড়ান্ত হবে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ ও ৪ মে বেইজিংয়ে অনুষ্ঠেয় চীন-মার্কিন কৌশলগত ও অর্থনৈতিক সংলাপে যোগ দেবেন হিলারি ক্লিনটন। এদিকে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে দিল্লি সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।