৫ মে যান চলাচল বন্ধ রাখতে হেফাজতের আহ্বান
সারা দেশ থেকে হেফাজতের কর্মীরা ঢাকায় আসার পর ৫ মে সব ধরনের যান চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।৫ মের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সামনে রেখে আজ শুক্রবার সকালে রাজধানীর লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাশেমী।নূর হোসাইন কাশেমী বলেন, ১৩ দফার বাস্তবায়ন হলে শ্রমিকদের অধিকারও সংরক্ষিত হবে। তাই ঢাকা অবরোধে মালিক-শ্রমিক সবার অংশ নেওয়া উচিত। একই সঙ্গে অবরোধের সাফল্য কামনা করে ৫ মে রোজা পালন ও দোয়া করতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে কাশেমী অভিযোগ করেন, বিভিন্ন স্থানে হেফাজতের কর্মীদের ঢাকায় আসতে বাধা দেওয়া হচ্ছে। পরিবহন মালিকদের বাস ভাড়া দিতে নিষেধ করে দেওয়া হচ্ছে। তাই অবরোধ কর্মসূচিতে বাধা না দিয়ে সরকারকে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নিতে তিনি আহ্বান জানান। দাবি মানা না হলে ধর্মপ্রাণ মুসলমানের মহাজাগরণ ঠেকানো সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না বলেও হুমকি দেন কাশেমী। রাজধানীর চারপাশের ছয়টি জায়গা অবরোধ করবেন তাঁরা। ঢাকার ভেতরে সংগঠনটির একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।এক প্রশ্নের জবাবে সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও-ভাঙচুরে বিশ্বাসী নই। সরকারের পক্ষ থেকে যত বাধাই দেওয়া হোক, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। গণজাগরণের মুখে সব বাধাই উড়ে যাবে।’আরেক প্রশ্নের জবাবে কাশেমী বলেন, ‘আমরা সরকার পতনের আন্দোলনে নামিনি। এটি একটি ঈমানি আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’ সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতা মুফতি ওয়াক্কাস, আবদুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, জুনায়েদ আল হাবিব, আবদুর রব ইউসুফী প্রমুখ উপস্থিত ছিলেন। যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আবদুল্লাহপুর-টঙ্গী ব্রিজ ও আমিনবাজারের বলিয়ারপুর—ঢাকায় প্রবেশমুখের এ ছয়টি জায়গায় অবরোধ কর্মসূচি চলবে।