৫ সেনা কর্মকর্তার সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপস হত্যাচেষ্টার সঙ্গে যুক্ত থাকার দায়ে পাঁচ সেনা কর্মকর্তাকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনা আদালতে (কোর্ট মার্শাল) এই সাজা দেওয়া হয় বলে জানা গেছে। এর আগে অভিযুক্তদের আটক করা হয়। সেনা আদালতে এই দণ্ড দেওয়া হলেও দণ্ডিতরা সাজা ভোগ করবেন সাধারণ কারাগারে।সাজাপ্রাপ্তদের পারিবারিক সূত্র থেকেও গতকাল পাঁচ কর্মকর্তার সাজা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সাজাপ্রাপ্ত সেনা কর্মকর্তারা হলেন মেজর হেলাল, ক্যাপ্টেন রেজাউল করিম, ক্যাপ্টেন রাজিব, ক্যাপ্টেন ফুয়াদ ও ক্যাপ্টেন সুবায়েল ইবনে রফিক। আইন অনুযায়ী সাজা হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন।এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য জানতে গতকাল সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইএসপিআর থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।তবে এ ব্যাপারে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সশস্ত্র বাহিনীর কেউ কোনো ষড়যন্ত্র বা হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকলে রেহাই পাওয়ার উপায় নেই। সাংসদ ফজলে নূরের ওপর হামলায় জাড়িতদের বিরুদ্ধেও যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যদিও এ ক্ষেত্রে বিচার শেষ হতে কিছুটা বিলম্ব হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। তবে সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গ বা কোনো ধরনের অপরাধে কেউ যুক্ত হলে এবং দোষী প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে।গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় মতিঝিলে নিজস্ব আইন কার্যালয়ের নিচে দূরনিয়ন্ত্রিত বোমায় শেখ ফজলে নূর তাপসকে হত্যার চেষ্টা করা হয়। তাপস অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই বোমার আঘাতে ১৩ জন আহত হন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত বছরের নভেম্বরের শুরুর দিকে মামলার তদন্ত কর্মকর্তারা প্রযুক্তির সহায়তায় এই হামলার ঘটনায় জড়িত হিসেবে এই পাঁচ সেনা কর্মকর্তাকে শনাক্ত করেন। এরপর সেনা কর্তৃপক্ষ সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়। তখন ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদার নেতৃত্বে সেনা কর্তৃপক্ষ তদন্ত (কোর্ট অব ইনকোয়ারি) শুরু করে। তদন্ত চলাকালে সেনা কর্মকর্তাদের কেউ কেউ তাপসের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে একাধিক সূত্র থেকে জানা যায়। প্রায় এক বছর ধরে কোর্ট অব ইনকোয়ারি শেষে সেনা আদালতে এই পাঁচ কর্মকর্তার বিচার হয়। জানা গেছে, দণ্ডিত পাঁচজন কর্মকর্তাই কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত।তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত বছরের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া তাপসের ওপর বোমা হামলা তদন্তের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদনের শেষে আশঙ্কা প্রকাশ করা হয়, ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ঘটা বিডিআর বিদ্রোহের জের ধরেও এ ঘটনা ঘটতে পারে। তাপস ঢাকা-১২ আসনের (ধানমন্ডি-হাজারীবাগ) সাংসদ এবং বিডিআর সদর দপ্তর পিলখানা তাঁর সংসদীয় এলাকায়। বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া একাধিক জওয়ান জিজ্ঞাসাবাদে বলেছেন, বিদ্রোহের আগে তাঁদের বিভিন্ন দাবি নিয়ে জওয়ানেরা স্থানীয় সাংসদ তাপসের সঙ্গে কথা বলেছিলেন।সাংসদ তাপসকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলাটি শুরুতে তদন্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুরুতে এ ঘটনায় জড়িত সন্দেহে বঙ্গবন্ধুর কয়েকজন আত্মস্বীকৃত খুনির নিকটাত্মীয় মেহনাজ রশিদ, কামরুল হক, নাজমুল হাসান, মাহবুবুল হাসান, আতাউল হুদা এবং ফ্রিডম পার্টির কর্মী আবদুর রহিম ও সফিউল্লাহকে গ্রেপ্তার এবং কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।যেভাবে শনাক্ত হলো: সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোয়েন্দা সদস্যরা ঘটনার সময় ঘটনাস্থল-সংলগ্ন এলাকায় ব্যবহূত মোবাইল ফোনের ব্যবহার তালিকা (কললিস্ট) ধরে প্রাথমিকভাবে হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিষয়ে ধারণা লাভ করেন। দেখা যায়, হামলার আগে ওই এলাকায় ব্যবহূত কয়েকটি ফোন হামলার পরপর বন্ধ করে দেওয়া হয়। গোয়েন্দারা খোঁজ নিয়ে দেখেন, চিহ্নিত ওই ফোনগুলোর মধ্যে প্রায় সব কটি নতুন কেনা হয়েছে। ব্যবহারকারীরা ওই নম্বরগুলো থেকে পরস্পরের সঙ্গে কথা বলেছেন এবং হামলার পর থেকেই সবগুলো ফোন বন্ধ। কল তালিকা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিরা হামলার দিন বিকেল চারটা থেকে ঘটনাস্থল বা আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন। রাত সাড়ে আটটার দিকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তাঁরা সবাই ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা যায়।বোমাটি ছিল দূরনিয়ন্ত্রিত: বোমাটি ছুড়ে মারা নয়, সেটি ছিল আগে থেকে পেতে রাখা ও দূরনিয়ন্ত্রিত। এ ব্যাপারে তদন্তকারীরা এবং বিস্ফোরক-বিশেষজ্ঞরা অনেকটা নিশ্চিত বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থা ডিবির কর্মকর্তারা। জব্দ করা বোমার আলামত পরীক্ষা ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরাও। বিশেষজ্ঞদের ধারণা, বোমাটি প্লাস্টিকের ক্যানে তৈরি করা হয়েছে।ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তাদের মতে, আলামতে এটা স্পষ্ট, বাংলার বাণী ভবন থেকে বের হওয়ার পথে বাঁ দিকে পানির পাইপের কাছে পেতে রাখা ছিল দূরনিয়ন্ত্রিত বোমাটি। বোমা বিশেষজ্ঞরা মামলার তদন্তকারীদের জানিয়েছিলেন, উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহূত হয়েছে। এটি একই শক্তিতে সমানভাবে চারদিকে বিস্ফোরিত হলে ক্ষয়ক্ষতি বেশি হতো। এক পাশে দেয়াল থাকায় এর মূল শক্তি ওপরের দিকে ছুটে গেছে।