৫ হাজার অবৈধ ভবনের বিরুদ্ধে শিগগির অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রায় পাঁচ হাজার অবৈধ ভবনের তালিকা করেছে। এর মধ্যে কিছু ভবনের নকশা নেই। কিছু ভবনের নকশার অনুমোদন থাকলেও বাস্তবে নকশা অনুসরণ না করে বাড়তি তলা করা হয়েছে। গ্যারেজ বা বেজমেন্টের জায়গায় করা হয়েছে দোকানপাট। শিগগিরই এসব ভবন ভাঙার জন্য অভিযান চালানো হবে।গতকাল শুক্রবার রাজউক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ তথ্য জানিয়ে বলেন, রাজউকেরই কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সাহায্যে অতীতে এই অপকর্ম হয়েছে। যাঁরা এসব অপকর্ম করেছেন, তাঁদের শাস্তি দেওয়া হয়েছে, এখনো হচ্ছে। তিনি বলেন, এ বিষয় ছাড়াও কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করায় তিনি রাজউকের ভেতরে এবং বাইরে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। রাজউকের বর্তমান কাজ সম্পর্কে জনগণকে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করা হয়। রাজউকের চেয়ারম্যান আরও বলেন, ভবন নির্মাণকারী কোনো কোনো কোম্পানি বা ব্যক্তি-মালিক নিজেরা না এসে দালালের মাধ্যমে নকশার অনুমোদন নেওয়ার চেষ্টা করেন। দালাল তাঁদের কাছে এমন তথ্যও দেয়, নকশা অনুমোদন করতে হলে চেয়ারম্যানকেও টাকা দিতে হবে। তিনি বলেন, ‘আমি সবার প্রতি অনুরোধ জানাব, দালালের খপ্পরে না পড়ে সবাই যেন সরাসরি রাজউকে এসে কথা বলেন।’নূরুল হুদা বলেন, ‘রাজউকের কিছু অনিয়ম-দুর্নীতি এবং বাইরের লোকদের প্রতিবন্ধকতা সামাল দেওয়া আসলেই কঠিন। সে জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনবার আমাকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিলাম।’ তিনি বলেছেন, ‘দুর্নীতি বন্ধ করার জন্যই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমাকে সত্ ও নিয়মতান্ত্রিকভাবে যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দিয়েছেন। সে জন্য কাজে শক্তি ও অনুপ্রেরণা এসেছে।’চলতি বছরে উত্তরা প্রকল্পের কয়েকটি সেক্টরে তিন হাজার প্লট হস্তান্তর করা সম্ভব হবে বলে চেয়ারম্যান জানান। তিনি বলেন, মার্চ-এপ্রিলে শুরু হয়ে পর্যায়ক্রমে এসব প্লট দেওয়া হবে।উত্তরা ও পূর্বাচল উপশহর প্রকল্পে প্লট না পাওয়া ৫৩ হাজার আবেদনকারীকে তাঁদের জামানতের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান রাজউকের চেয়ারম্যান।কিন্তু অনেক আবেদনকারী টাকা ফেরত নেওয়ার আবেদন জানিয়ে ব্যাংক এবং রাজউকের সংশ্লিষ্ট বিভাগগুলোয় ভোগান্তির স্বীকার হচ্ছেন—এমন অভিযোগের জবাবে চেয়ারম্যান বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। তবে আবেদনকারীরা যাতে দ্রুত তাঁদের টাকা ফেরত পান, সে জন্য তিন মাস ধরে রাজউকের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী সপ্তাহের সাত দিনই বিরামহীনভাবে কাজ করছেন। তিনি বলেন, কিছু কিছু আবেদনকারীর টাকা ফেরত পাওয়ার আবেদনপত্রে স্বাক্ষরের সঙ্গে আগে দেওয়া স্বাক্ষরের মিল থাকছে না। কেউ কেউ মূল রসিদের পরিবর্তে রসিদের ফটোকপি দিচ্ছেন। এ ধরনের বিষয় নিষ্পত্তির লক্ষ্যে আবেদনকারীর নাম, বাবার নামসহ কী কী সমস্যা রয়েছে তা লিখে নোটিশ বোর্ডে টানানো হয়েছে। প্রবাসীদের জানাতে বলা হয়েছে ওয়েবসাইটে।রাজধানীর চারপাশে ৫৯০ বর্গমাইল আয়তনের ‘ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ’ প্রকল্পের ত্রুটি-বিচ্যুতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত পর্যালোচনা কমিটির মাধ্যমে সংশোধন করা হচ্ছে বলে চেয়ারম্যান জানান।এক প্রশ্নের জবাবে রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা বলেন, ড্যাপের অধীন জায়গায় পাঁচটি বেসরকারি আবাসন কোম্পানিকে আংশিকভাবে কিছু প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হলেও অনেক কোম্পানি অনুমোদন ছাড়াই প্রকল্পকাজ চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমার এক পা কবরে চলে গেছে। তাই কোনো অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হব না।’ সংবাদ সম্মেলনে রাজউকের চেয়ারম্যান ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলার তথ্য তুলে ধরেন। উত্তরা তৃতীয় প্রকল্পে ১৮ নম্বর সেক্টরে ২২ হাজার ৫১২টি, কেরানীগঞ্জে ঝিলমিল প্রকল্পে ১০ হাজার, পূর্বাচল প্রকল্পে (ইউসুফগঞ্জ) ২০ হাজার ফ্ল্যাট তৈরি করা হবে বলে জানান তিনি। এ ছাড়া বেগুনবাড়ী-হাতিরঝিল এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। সব প্রকল্পেই ফ্ল্যাটের আয়তন হবে ১২৫০, ১০৫০ ও ৮৫০ বর্গফুটের।সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরের যানজট নিরসনে বিভিন্ন এলাকায় রাজউকের তত্ত্বাবধানে কয়েকটি সড়ক নির্মাণের কাজ চলছে এবং ভবিষ্যতে আরও করা হবে।সংবাদ সম্মেলনে রাজউকের পাঁচজন বোর্ডসদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।