ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর সীমান্তে ৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি পেয়েছে বিএসএফ। বর্ডার গাইড লাইন অনুযায়ী ১৫০ গজের মধ্যে কোনো দেশই কোনো স্থাপনা তৈরি করতে পারে না। তবে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জানিয়েছে, ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারই আজমপুরের বেড়া নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিডিআর-বিএসএফের পতাকা বৈঠক শেষে বিডিআর ১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসরুর আহমেদ সাংবাদিকদের বলেন, ১৫০ গজের মধ্যে কোনো জায়গায় বেড়া নির্মাণ করবে তা মাপজোখ করে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হয়েছে।আজমপুর বিডিআর ফাঁড়ি সূত্র জানিয়েছে, সীমান্তের ২০১৯ মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৯ এস ও ১০ এস পিলারের মাঝামাঝি এলাকায় দীর্ঘদিন ধরেই বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল। গতকাল শুক্রবার দুপুরে বেড়া নির্মাণ করতে এলে প্রতিবারের মতো বিডিআর বাধা দেয়। এতে সীমান্তের ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে আজ সকালে এ নিয়ে বিডিআর ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিআর ১ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ প্রথম আলোকে বলেন, দুই দেশের সরকার সেখানে ৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।