ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫১ জন বিডিআর জওয়ানের মধ্যে ৫০ জনকে কারাদণ্ড ও একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ আজ সোমবার বিকেল পৌনে পাঁচটায় এ রায় দেওয়া হয়। বিডিআরের নিজস্ব আইনে এ বিচারকাজ সম্পন্ন হয়েছে।রায়ে ৫০ জনের মধ্যে দুজনকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড, পাঁচজনকে ছয বছর, দুজনকে পাঁচ বছর ছয় মাস, পাঁচজনকে পাঁচ বছর, দুজনকে তিন বছর, চারজনকে দুই বছর, তিনজনকে এক বছর এক মাস, ১৪ জনকে ছয় মাস, ১৩ জনকে চার মাসের করাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।আজ বিকেল চারটা ২০ মিনিটে বিচারকাজ শুরু হয়ে রায় ঘোষণার মধ্য দিয়ে আদালতের কাজ শেষ হয়।এর আগে গতকাল রোববার ৫১ জন আসামির প্রত্যেকে আদালতে লিখিত জবানবন্দি উপস্থাপন করেন।কাল মামলার সরকারি কৌঁসুলি ও ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম বাদীপক্ষের যুক্তি-প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করেন।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য বিচারকেরা হচ্ছেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দিদার আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম ফকির এই ৫১ জন জওয়ানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনের ১০(১) ধারায় শৃঙ্খলা ভাঙা, বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গুলিবর্ষণ করা, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, পাগলাঘণ্টা বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা ও বিদ্রোহ সংঘটনে সহযোগিতা করার অভিযোগ আনা হয়। সে সময় ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ কামাল ভয়ে ব্যাটালিয়ন ত্যাগ করতে বাধ্য হন এবং পালিয়ে চার কিলোমিটার গ্রামের রাস্তা হেঁটে প্রাণ রক্ষা করেন।তখন বিদ্রোহী জওয়ানেরা চেইন অব কমান্ড অবমাননা করে ৭৩৯ রাউন্ড গুলি ছোড়েন। অস্ত্রাগার থেকে তাঁরা বিনা অনুমতিতে ৪২টি গ্রেনেড বের করেন। ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা নিরাপদ দূরত্বে চলে যায়।উল্লেখ্য, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে।প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি এ আদালত এ মামলার বিচারকাজ শুরু করেন।