৫০ পূর্তি উৎসব পেছালো রোলিং স্টোনস
১৯৬২ সালের এপ্রিলে যাত্রা শুরু করেছিল ইংলিশ রক ব্যান্ড রোলিং স্টোনস। সেই হিসেবে চলতি বছরেই সংগীতে সফল পদচারণের ৫০ বছর পূর্তি করল ব্যান্ডটি। এ উপলক্ষে বছরের শেষ নাগাদ ‘রোলিং স্টোনস ফিফটিথ অ্যানিভার্সারি ট্যুর’-এর পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ, এ বছর ট্যুরটি হচ্ছে না। এর জন্য সবাইকে অপেক্ষা করতে হবে ২০১৩ সাল পর্যন্ত।লন্ডনে ১৯৬২ সালের ১২ জুলাই প্রথম কনসার্ট করেছিল রোলিং স্টোনস। সেই শুরু। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ৫০টি বছর। বেশ কয়েকবার উত্থান-পতনের পথ মাড়িয়ে শেষ পর্যন্ত নিজেদের বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে রোলিং স্টোনস। আজও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন রোলিং স্টোনসের অগণিত ভক্তরা।সবাই ধরেই নিয়েছিলেন, ৫০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের শেষের দিকে আয়োজিত রোলিং স্টোনসের এই ট্যুর আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হবে। কিন্তু সবার সে আশায় গুঁড়েবালি। সম্প্রতি ব্যান্ডটির ভোকাল ও গিটারবাদক কিথ রিচার্ডস জানিয়েছেন, ২০১৩ সালের আগে এই ট্যুরের আয়োজন করা যাচ্ছে না।এ প্রসঙ্গে রিচার্ডসের উদ্ধৃতি দিয়ে সান অনলাইন জানিয়েছে, ‘সত্যি বলতে কি, ট্যুরটির জন্য আমরা মোটেও প্রস্তুত নই। মূলত এ কারণেই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ট্যুরটি বাতিল করতে হলো আমাদের।’মঞ্চপরিবেশনার বিষয়ে আশার আলো দেখাতে না পারলেও, এ বছরই নিজেদের নতুন স্টুডিও অ্যালবামের কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেছেন কিথ রিচার্ডস। তিনি আরও জানিয়েছেন, নতুন অ্যালবামে তাঁদের সঙ্গে ব্যান্ডের পুরোনো বেজ গিটারিস্ট বিল উইম্যানও বাজাবেন।