৫০ বছর মেয়াদি ভবন চার বছরেই পরিত্যক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে থেকে দেখতে আধুনিক কাঠামোর সুরম্য এক ভবন। ভেতরে গেলে যে কারও মনে ভয় ঢুকে যায়। ভবনের একাংশ দেবে গেছে। অধিকাংশ কক্ষের দেয়ালে-মেঝেতে বড় বড় ফাটল। কক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় প্রবেশমুখে কাচের ফটক। বিমের ফাটলে বেঁকে গেছে কাচের ফটকও। খসে পড়ছে দেয়ালের ইট-সিমেন্টের আস্তরণ।ভবনটি মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের আঞ্চলিক গবেষণাগার (মৃত্তিকা ভবন)। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ৫০ বছর মেয়াদি এই ভবন নির্মাণের চার বছরেই এ অবস্থা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পিরোজপুর এলাকায় এক একর জায়গায় নির্মিত এ ভবন হস্তান্তর করা হয় ২০০৭ সালে। ভবন টেকসই থাকার মেয়াদ ছিল ৫০ বছর। কিন্তু চার বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এর কারণ বের করতে গণপূর্ত তদন্ত শুরু করে। প্রায় এক বছর ধরে তদন্ত চলছে। এ অবস্থায় চলতি অর্থবছর (জুলাই) থেকে নিজস্ব ভবন ছেড়ে ভাড়া করা কার্যালয়ে মৃত্তিকা গবেষণাকাজ স্থানান্তরিত হয়েছে।মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হচ্ছে এটি নির্মাণকালীন ত্রুটি। নির্মাণকাজ যথাযথ হয়নি বলেই তো ৫০ বছরের ভবন চার বছরও গেল না। এ অবস্থায় অসংখ্য চিঠি দিয়ে বিষয়টি গণপূর্তকে জানানো হয়েছে। কিন্তু তাঁরা এতটা ঢিমেতালে পর্যবেক্ষণ করছে যে শেষে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা নিজ থেকেই পরিত্যক্ত করে দপ্তর স্থানান্তর করতে বাধ্য হয়েছি।’সরেজমিনে দেখা যায়, মৃত্তিকা ভবনের পূর্ব দিকের অংশ দেবে গেছে। ওই অংশের ১৪টি কক্ষ পরিত্যক্ত। ভবনটি কেবল নজরদারির মধ্যে রাখতে দেবে যাওয়া অংশের একটি কক্ষে একজন পাহারাদার বাস করছেন। পূর্ব দিকের অংশ দেবে যাওয়ায় ভবনের পশ্চিম অংশের দেয়ালে এক ধরনের টান টান অবস্থার সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মৃত্তিকা সম্পদ গবেষণার জন্য দেশের ১২টি অঞ্চলকে ভাগ করে ১২টি আঞ্চলিক গবেষণাগার ‘মৃত্তিকা ভবন’ নির্মাণে কৃষি মন্ত্রণালয়ের একটি উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভবন নির্মিত হয়। নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালে। প্রাক্কলিত ব্যয় ছিল এক কোটি ৮৫ লাখ টাকা। গণপূর্ত অধিদপ্তর সিলেটের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. আবুল হাশেমের তত্ত্বাবধানে রাজশাহীর ‘মেসার্স মো. আবদুর রাজ্জাক’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণকাজ শেষ হয় ২০০৬ সালে।ভবনটি হস্তান্তরের ওই বছরই দেয়ালে কিছু ফাটল দেখা দিলে তাৎক্ষণিক মেরামত করে দেওয়া হয়। পরের বছর থেকে ভবনটির দেয়ালে ফাটল ও নির্মাণের তিন বছরের মাথায় একাংশের দেবে যাওয়ার বিষয়টি লিখিতভাবে গণপূর্তকে জানায় মৃত্তিকা কর্তৃপক্ষ। গণপূর্তের নকশাবিদ দপ্তরের একটি দল পরিদর্শন করে নির্মাণত্রুটি, না অন্য কোনো কারণে হয়েছে—বিষয়টি অনুসন্ধানে ২০১০ সালের ডিসেম্বরে একটি তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু গত প্রায় এক বছরেও তদন্ত সম্পন্ন হয়নি।গণপূর্ত সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মুকুল চন্দ্র দাস বিষয়টি তদন্তাধীন বলে ভবনের যাবতীয় কাগজপত্র বর্তমান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে থাকার কথা স্বীকার করেন। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে নির্মাণত্রুটি মনে না হওয়ায় তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়নি বলে তিনি জানান। ভবনটি নির্মাণের টেকসই মেয়াদ ৫০ বছর থাকার কথা জানিয়ে উপবিভাগীয় প্রকৌশলী বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ, এটা প্রাকৃতিক। মাটির কারণে এ রকম হয়েছে। ঠিকাদারের কোনো দোষ নেই—এ জন্য ঠিকাদারকে আর খোঁজা হচ্ছে না।’সিলেট অঞ্চলের প্রকৃতি আর সারা দেশের প্রকৃতির মধ্যে ভিন্নতা রয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী মো. কবির হোসেন বলেন, ‘সিলেট ছাড়াও একই আদলে ১১টি মৃত্তিকা ভবন নির্মাণ করেছে গণপূর্ত। সেগুলো যথাযথ আছে। কেবল সিলেটের ভবন এমন হয়েছে। এখন তদন্ত চলছে। তদন্তের আগে দায়ী কে—তা তো বলা যাবে না। হয়তো তদন্তে দেরি হচ্ছে দেখে তাঁরা (মৃত্তিকা কর্মকর্তারা) নিজ থেকেই ভবন ছেড়ে চলে গেছেন। ভবন পরিত্যক্ত হবে, নাকি পুনঃসংস্কার করে আবার ব্যবহারের উপযোগী হবে—তা বলা যাবে তদন্তের পর।’এ তদন্ত কত দিন ধরে চলছে, শেষ হবে কবে—এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আমি নতুন এসেছি। তা ছাড়া এ বিষয়ে তো তাগাদা দিতে পারি না। তদন্ত চলবে নিজস্ব গতিতেই।’