৫০ লাখ টাকা দিয়ে খুন করান নাজিম চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কাউন্সিলর আহাম্মদ হোসেনকে হত্যা করিয়েছেন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন। এর জন্য তিনি ভারতে পলাতক শীর্ষস্থানীয় সন্ত্রাসী ডাকাত শহীদকে ৫০ লাখ টাকা দিয়েছিলেন। টাকার বিনিময়ে ডাকাত শহীদ তাঁর লোক দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়। এই হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন। বিদ্যুৎ জানান, পরিকল্পনা সফল করতে নাজিম চেয়ারম্যান নিহত কাউন্সিলরের কথিত দেহরক্ষী গুড্ডুসহ ঘনিষ্ঠ চারজনকে হাত করেন। ওই চারজন আহাম্মদ কাউন্সিলরের গতিবিধির বিষয়ে খুনিদের আগাম খবর দিয়ে সহায়তা করেন।ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ও যুবদলের (ঢাকা দক্ষিণ) সভাপতি আহাম্মদ হোসেন গত ৯ ফেব্রুয়ারি খুন হন। সন্ত্রাসী বিদ্যুতের দেওয়া জবানবন্দি অনুযায়ী, তিনি এ হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কারী ছিলেন। আর আহাম্মদকে গুলি করেন ডাকাত শহীদ বাহিনীর পেশাদার খুনি কাউসার, বাবু ও রাজীব।বিদ্যুৎকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৮ মার্চ গ্রেপ্তার করে। তিনি এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১ এপ্রিল মহানগর হাকিম মো. রাশেদ কবিরের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বিদ্যুৎ ডাকাত শহীদের সন্ত্রাসী বাহিনীর ঢাকায় সমন্বয়কারী ও চাঁদা আদায়ের দায়িত্বে ছিলেন।আদালত ও সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে পাওয়া তথ্যানুযায়ী, জবানবন্দিতে বিদ্যুৎ বলেছেন, ‘২০১০ সালের জানুয়ারি মাসের ২০/২২ তারিখে ডাকাত শহীদ আমাকে ফোন করে বলে, নাজিম চেয়ারম্যান কলকাতায় এসেছিল ৫০ লাখ টাকা দিয়েছে পুরান ঢাকার হাজি আহাম্মদ কমিশনারকে হত্যা করার জন্য। এই কাজটি প্রথমে নান্টু, আসলাম ও জাহাঙ্গীরকে দেওয়া হয়েছিল বলে ডাকাত শহীদ আমাকে জানায়, কিন্তু তারা পারেনি। সে আমাকে আরও জানায়, দুই দিনের মধ্যে কাজটি না করতে পারলে ৫০ লাখ টাকা নাজিম চেয়ারম্যানকে ফেরত দিতে হবে।’জবানবন্দিতে বিদ্যুৎ বলেন, ‘ডাকাত শহীদ ফোনে জানায়, আহাম্মদকে গুলি করার জন্য (তাঁদের দলের) কাউছারকে দায়িত্ব দেওয়া হয়েছে, খুনের পরিকল্পনা বাস্তবায়নে তাঁর সঙ্গে কাউছার যোগাযোগ করবে’। জবানবন্দিতে বলা হয়, এর কদিন পর বিদ্যুৎকে ফোন করেন কাউছার। বিদ্যুতের দেওয়া সময় অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি পুরান ঢাকার ঘরোয়া হোটেলে তাঁর সঙ্গে কাউছার ও বাবু দেখা করেন। তাঁরা আহাম্মদকে হত্যার পরিকল্পনা নিয়ে কথা বলেন।বিদ্যুৎ বলেন, ‘কাউছার বলে শহীদ (ডাকাত শহীদ) ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। দুই দিনের মধ্যে আমি কাজ নামিয়ে দিব। সে আমার কাছে ১০ হাজার টাকা চাইলে আমি ওই দিনই সন্ধ্যায় নবাবপুরে গিয়ে টাকা দিয়ে আসি। পরের দিন ৮ ফেব্রুয়ারি শহীদ ভাই আমাকে ফোন করে বলে, আমি যেন কাউছারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। ওই দিনই আমি কাউছারের সঙ্গে ফোনে কথা বলি। ডাকাত শহীদ আমাকে আরও বলে, নাজিম চেয়ারম্যান আহাম্মদ কাউন্সিলরের চারজন ঘনিষ্ঠ ব্যক্তিকে ঠিক করেছে। তারা কাউছারকে সহায়তা করবে।’আহাম্মদের চার ঘনিষ্ঠজনের মধ্যে একজন মইন। তাঁর মোটরসাইকেলে চড়ে আহাম্মদ প্রায়ই এখানে-সেখানে যেতেন। আরেকজন গুড্ডু ওরফে রুবেল ছিলেন আহাম্মদ কাউন্সিলরের কথিত দেহরক্ষী।জবানবন্দিতে বিদ্যুৎ বলেন, ‘ঘটনার দিন রাতে মইন ফোন করে কাউছারকে জানায় কিছুক্ষণের মধ্যে তার (মইন) মোটরসাইকেলে করে আহাম্মদ কাউন্সিলর আলুবাজার মসজিদে আসবেন। তখন গুড্ডু, আকতার, ফারুক ও কাউছার আলুবাজারে চলে আসে। মইনের মোটরসাইকেল থেকে আহাম্মদ নেমে মসজিদে এশার নামাজ পড়তে ঢোকে। নামাজ শেষে বের হলে গুড্ডু ইশারায় আহাম্মদকে চিনিয়ে দেয়, মুহূর্তে কাউছার এসে প্রথমে দুটি গুলি করে। এরপর বাবু দুটি ও রাজীব একটি গুলি করে।’বিদ্যুৎ আদালতকে জানান, ডাকাত শহীদের দলে ঢোকার আগে তিনি মাদকের ব্যবসা করতেন। তাঁর কাছ থেকে নূরে আলম নামের একজন প্রায়ই ফেনসিডিল নিতেন। এই নূরে আলমের মাধ্যমে তিনি ডাকাত শহীদের দলে সম্পৃক্ত হন। দলে যোগ দেওয়ার প্রায় এক বছর পর নূরে আলমের সঙ্গে কলকাতায় গিয়ে বিদ্যুৎ ডাকাত শহীদের সঙ্গে দেখা করেন। তখন পুরান ঢাকায় চাঁদার টাকা তোলার জন্য তাঁকে দায়িত্ব দেন ডাকাত শহীদ। এই দায়িত্ব পাওয়ার পর বিদ্যুতের কাছে প্রতি মাসে ১০ থেকে ১২ লাখ টাকা চাঁদা আসত। ওই টাকা ডাকাত শহীদের নির্দেশনা অনুযায়ী দলের লোকদের মধ্যে বিলি করতেন বিদ্যুৎ।টেলিফোনে যোগাযোগ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার ছানোয়ার হোসেন পিপিএম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া কাউছারসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে একই রকম তথ্য পাওয়া গেছে। কাউছারের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহূত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের জবানবন্দিতে হত্যায় জড়িত হিসেবে আরও যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্যে আহাম্মদ কাউন্সিলরের দেহরক্ষী রুবেল ওরফে গুড্ডু, আসলাম, নান্টু, মইন ও খুনিদের অর্থদাতা নাজিম চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রিমান্ডে নাজিম চেয়ারম্যানের দেওয়া তথ্য যাচাইয়ের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে পুলিশ। নোটিশে তাঁকে ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। শাহ আলম নোটিশ স্থগিত করতে হাইকোর্টে রিট করলে আদালত তা মঞ্জুর করেননি। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নাজিমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে প্রাপ্ত তথ্যে এটা পরিস্কার হয়েছে যে নাজিমের সঙ্গে ব্যবসায়িক বিরোধের জের ধরে আহাম্মদ খুন হয়েছেন। এখন এই হত্যার নেপথ্যে আরও কেউ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।