৫০ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পোস্তাগোলা এলাকার রাজবাড়ীতে গতকাল শনিবার অভিযান চালিয়ে ৫০ লাখ জাল টাকা এবং এসব তৈরির একটি চক্রের প্রধানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরাঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বাবু শেখ (৩৮), নিয়াজ শেখ (৩৫), ইমদাদুল ইসলাম ওরফে ইমন (২২), জিতু ও জহিরুল ইসলাম (২৫), শিরিন আক্তার ওরফে তমা (২২) ও শাহনাজ বেগম (২৫)।ডিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল পোস্তাগোলার রাজবাড়ীর একটি বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশ ওই বাসা থেকে ৫০ লাখ টাকার জালনোটসহ সাতজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহূত একটি ল্যাপটপ, তিনটি প্রিন্টারসহ প্রচুর উপকরণ উদ্ধার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জালটাকা তৈরি ও বিক্রির সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেপ্তার হওয়া বাবু ও নিয়াজ শেখ জালটাকা তৈরি করে গ্রেপ্তার হওয়া অন্যদের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।