৫০ লাখ টাকার রিয়েলিটি শো
চ্যানেল আইয়ের পর্দায় আসছে নতুন রিয়েলিটি শো ‘ফ্যান ক্লাব টুর্নামেন্ট’। এই শোতে বিজয়ী দল পাবে ৫০ লাখ টাকা। বাংলাদেশে কোনো রিয়েলিটি শোর জন্য এটিই হবে সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার। মৌসুমী, শাফিন আহমেদ, তিশা, মোশাররফ করিম, মোস্তফা সরয়ার ফারুকী, নওশীন, শমী কায়সার, তিন্নি, আইয়ুব বাচ্চু, মিলা, অপূর্ব, কুসুম সিকদার, নোবেল, ইমন, ফেরদৌস ও তারিন—এই ১৬ তারকার ফ্যান ক্লাব হিসেবে ১৬টি দল অংশ নেবে। প্রতিটি দলে থাকবে পাঁচজন (দুই মেয়ে ও তিন ছেলে অথবা তিন মেয়ে দুই ছেলে) সদস্য। তাঁদের বয়স হতে হবে ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। ৫০ লাখ টাকা পাওয়ার জন্য দলগুলোকে পাড়ি দিতে হবে লিগ রাউন্ড, সুপার এইট, সেমিফাইনাল ও গ্র্যান্ডফিনালে। শ্রেষ্ঠ দলই পাবে বড় মূল্যের এই পুরস্কার। চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠানটির নানা বিষয় জানাতে আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির পরিচালক ও নির্মাতা প্রতিষ্ঠান ই আর মিডিয়ার প্রধান মাহী বি চৌধুরী বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে মেধার কোনো অভাব নেই, অভাব শুধু সুযোগের। এই অভাব পূরণ করতেই আয়োজন করা হয়েছে ভিন্নমাত্রার অনুষ্ঠানটি।’ তিনি জানান, এত দিন শুধু যেকোনো একটি বিষয়ে প্রতিভাকে তুলে আনতে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে এ প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে তাঁদেরকেই, যাঁরা একই সঙ্গে মেধাবী, স্মার্ট, সৃজনশীল ও দুরন্ত সাহসী। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রতি গ্রুপের চারটি করে দল নিজেদের গ্রুপের পরস্পরের সঙ্গে একবার করে আনন্দযুদ্ধে অবতীর্ণ হবে। প্রতি গ্রুপে ছয়টি করে চার গ্রুপে মোট ২৪টি খেলা নিয়ে সাজানো হবে লিগ রাউন্ড। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, এ বছরের মার্চের কোনো একসময় থেকে অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে।