কিন্ডারগার্টেন ও স্বীকৃতি না থাকা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বিপাকে
৫০ লাখ বই ছাপাই হয়নি
বিনামূল্যের প্রায় ১৮ কোটি ৬৮ লাখ বই বিতরণে সফল হয়েছে সরকার। কিন্তু বিক্রির জন্য চাহিদা থাকা প্রায় ৫০ লাখ বই এখন পর্যন্ত ছাপার প্রক্রিয়া শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বছরের প্রথম সপ্তাহ পার হওয়ার পর এনসিটিবি এখন বলছে, এসব বই-মূল্যে, না বিনামূল্যে দেওয়া হবে, সে সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি।জানা যায়, এই সিদ্ধান্তহীনতার ফলে দেশের কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম স্কুল ও একাডেমিক স্বীকৃতি না থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বই সংকটের মুখে পড়েছে। বিনামূল্যে পাওয়া দূরে থাক, মূল্য দিয়েও এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই কিনতে পারছে না। এনসিটিবির হিসাবে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৩৩ লাখ বইয়ের চাহিদা রয়েছে। প্রকৃতপক্ষে এ চাহিদা প্রায় ৫০ লাখ বলে প্রকাশকেরা মনে করছেন।শিক্ষক ও অভিভাবকেরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বছরের প্রথম কার্যদিবস থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী গতকাল পর্যন্ত বিনামূল্যের বই পেয়ে গেছে। সরকারের এক বছরের সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে বিষয়টি। বিশেষ করে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়ার বিষয়টি প্রশংসিত হয়েছে।এর পাশাপাশি টাকা দিয়েও বই কিনতে পারছে না কিন্ডারগার্টেন ও একাডেমিক স্বীকৃতি না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা। এর কারণ, এনসিটিবি এসব বই ছাপার উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত গতকাল পর্যন্ত হয়নি।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান প্রথম আলোকে বলেন, যেসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি আছে, সেগুলোকে বিনামূল্যে বই দেওয়া হবে। বাকিগুলোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশকেরা বলছেন, ফেব্রুয়ারির আগে এসব বই পাওয়া যাবে না। কারণ দরপত্র, কার্যাদেশ, বই ছাপা ও বাঁধাইসহ নানা প্রক্রিয়া সম্পন্ন করতে দেড় থেকে দুই মাস সময় লাগবে। তাঁরা আরও বলছেন, এনসিটিবি নিজেকে রক্ষার জন্য বছরের শুরুতে এখন মূল্য, না বিনামূল্য—এমন যুক্তি দিচ্ছে। তাঁরা জানান, প্রাথমিকে বিনামূল্যের বইয়ের দরপত্র আহ্বানের পাশাপাশি বিক্রির জন্য চাহিদা থাকা বইয়ের দরপত্রও আহ্বান করা হয়েছিল। এই দরপত্রের কার্যাদেশ এখন পর্যন্ত দেয়নি পাঠ্যপুস্তক বোর্ড। তাঁরা আরও বলেন, বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা আগেই নেওয়ার কথা ছিল। এখন সংকট সৃষ্টি হওয়ার পর এমন প্রশ্ন তোলার সুযোগ নেই।এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব শিক্ষার্থীকে বিনামূল্যে না টাকার বিনিময়ে বই দেওয়া হবে, সে সিদ্ধান্ত পাওয়ার কয়েক দিনের মধ্যেই বই ছাপা শেষ হবে। সবকিছু প্রস্তুত হয়ে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সময় পর্যন্ত শিক্ষার্থীরা ওয়েবসাইট দেখে বা অন্য উপায়ে পড়াশোনা চালিয়ে যাবে।বিএনপিপন্থী বেসরকারি শিক্ষকদের মোর্চা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মো. সেলিম ভূঁইয়া বলেছেন, মূল্যের বই তো বটেই, বিনামূল্যের বইয়ের জন্য মফস্বলে হাহাকার চলছে। তিনি দাবি করেন, মফস্বলেও অসংখ্য ছাত্রছাত্রী বিনামূল্যের বই পায়নি।কোন স্তরে কত বই, কী অবস্থা: এনসিটিবির হিসাবে প্রাথমিক স্তরে কিন্ডারগার্টেনগুলোর জন্য ২৭ লাখ বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে গত বছরের ছাপা সাত লাখ ১০ হাজার ৯৩০টি বই গুদামে আছে। এসব বইয়ে কোনো সংশোধনী নেই। এগুলো ছাড়াও প্রাথমিকে ১৯ লাখ ৯৯ হাজার ৮০০ বইয়ের চাহিদা নিরূপণ করেছে এনসিটিবি।এদিকে প্রাথমিকে ইংরেজি ভাষায় প্রকাশিত বই ছাপার জন্য এনসিটিবি প্রকাশকদের প্রস্তাব দিলেও বিষয়টি ঝুলে আছে। নিয়ম অনুযায়ী এনসিটিবি এসব বইয়ের সংখ্যা ও মূল্য নির্ধারণ করে দেয়। প্রকাশকেরা বইগুলো ছেপে বাজারে বিক্রি করে। কিন্তু প্রস্তাব দেওয়ার পর এ বিষয়ে আর অগ্রগতি নেই।মাধ্যমিক স্তরে ইংরেজি মাধ্যম স্কুল এবং একাডেমিক স্বীকৃতি না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য তিন লাখ ৮৩ হাজার কপি বই ছাপার প্রয়োজন বলে এনসিটিবি ধারণা করছে। কিন্তু এসব বই ছাপার কোনো উদ্যোগ গতকাল পর্যন্ত নেওয়া হয়নি। একইভাবে মাধ্যমিকে ইংরেজি ভাষায় প্রকাশিত বইয়ের চাহিদা প্রায় তিন লাখ হলেও এটা নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই। তবে এনসিটিবি সূত্র জানিয়েছে, গত বছর ছাপা হওয়া এক লাখ ৪১ হাজার ৬৪৮টি বই গুদামে আছে। এ ছাড়া আরও এক লাখ ৫৫ হাজার বই ছাপার পরিকল্পনা রয়েছে।বিনামূল্যের বই বাজারে: বইয়ের চাহিদা থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যের বই কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত বছর পর্যন্ত সরকার প্রাথমিক স্তরে বিনামূল্যের বই দেওয়ার পাশাপাশি মূল্যের বই ছেপে বিক্রি করত। এ ছাড়া মাধ্যমিকে সবাই বই কিনে পড়ত। কিন্তু এ বছর প্রাথমিক ও মাধ্যমিকে ছাপা হয়েছে বিনামূল্যের বই। ফলে টাকা দিয়ে যারা বই কিনত, তারা বিভিন্ন উপায়ে এবং চড়া দামে বই সংগ্রহের চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, কিন্ডারগার্টেন বা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বিত্তবানের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তারা যেভাবেই হোক এবং যত টাকা দিয়ে হোক বিনামূল্যের বই সংগ্রহের চেষ্টা করছে এবং অনেকে সফলও হচ্ছে।বিভিন্ন সংগঠনের প্রতিবাদ: বাংলাদেশ প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সভায় বলা হয়েছে, দেশে কিন্ডারগার্টেনের সংখ্যা প্রায় ২০ হাজার এবং এসব প্রতিষ্ঠানে এ দেশের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তারা বিনামূল্যে দূরে থাক, মূল্য দিয়েও বই পাবে না—এটা দুঃখজনক। গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্রুত বিনামূল্যে বই দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল হক।প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মহসীন মিঞা ও সদস্যসচিব আহম্মদ আলী এক বিবৃতিতে বলেছেন, কিন্ডারগার্টেন ও প্রাইভেট বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা মোট শিক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ। এসব শিক্ষার্থী বই না পাওয়ায় হতাশা ও হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিনামূল্যের বই দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।