৫০ শয্যার লোকবল দিয়ে চলছে ১০০ শয্যা ২৩টি চিকিৎসক পদে আছেন ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার এ সদর হাসপাতাল বর্তমানে ১০০ শয্যায় উন্নীত হলেও লোকবল বৃদ্ধি পায়নি। শয্যাসংখ্যা বৃদ্ধি করা হলেও লোকবল বাড়েনি। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে এ হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি করা হলেও লোকবল বাড়ানো হয়নি। বর্তমানে হাসপাতালে চিকিৎসকের পদ আছে ২৩টি। এর মধ্যে কর্মরত আছেন ১২ জন। ১১টি বিশেষজ্ঞ চিকিৎসক পদের মধ্যে নাক-কান-গলা, অর্থোপেডিকস, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ ছাড়া কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এর মধ্যে মেডিসিন, শিশু, গাইনি, অর্থোপেডিকস (সিনি.), সার্জারি, কার্ডিওলজি, অ্যানেসথিসিয়া, রেডিওলজিস্ট বিশেষজ্ঞ পদগুলো তিন থেকে পাঁচ বছর পর্যন্ত শূন্য রয়েছে। হাসপাতালে ৪০টি নার্সের পদ থাকলেও কর্মরত আছেন ৩৬ জন। তবে নার্স এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তার সরকারি বাসভবন নেই। এ ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও থাকার নির্ধারিত কোনো ভবন এ পর্যন্ত তৈরি করা হয়নি। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদ ২৩টি থাকলেও দুটি পিয়নের পদ শূন্য। সরকারিভাবে একটি জেনারেটর বরাদ্দ থাকলেও চালকের পদ নেই। ২০০৪ সালে জেনারেটরটি পাওয়ার পর থেকেই অকেজো হয়ে পড়ে আছে। এটি চালাতে ঘণ্টায় ১৭ লিটার ডিজেল ২ লিটার মবিল প্রয়োজন। ২০০৪ সালে একটি এবং গত বছরের ২১ নভেম্বর আরও একটি অ্যাম্বুলেন্স সরকারিভাবে বরাদ্দ পাওয়া যায়। তবে অ্যাম্বুলেন্সের জ্বালানি খরচের বরাদ্দ পেতে বেগ পেতে হয় কর্তৃপক্ষকে। বর্তমানে প্রায় দুই লাখ টাকা জ্বালানি খরচ বকেয়া রয়েছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, অপারেশন থিয়েটারে ওটি লাইট ও বৈদ্যুতিক পাখার সমস্যা প্রকট। এগুলো প্রায়ই অকেজো থাকে। পর্যাপ্ত ওষুধ থাকলে নতুন কিছু ওষুধ বরাদ্দ হলেও পাওয়া যাচ্ছে না। এ ছাড়া হাসপাতালে অ্যাজমা বা শ্বাসকষ্টের ওষুধ ও নেবুলেইজার মেশিন সংকট আছে। ডেন্টাল বিভাগে যন্ত্রপাতির সমস্যা প্রকট। ডেন্টাল সার্জনও নেই। এক্স-রে বিভাগের দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটি বিকল। আরেকটি চালু থাকলেও জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এক্স-রে প্লেটও পর্যাপ্ত নেই।দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ (দন্ত) জোতিষ সিকদার বলেন, দন্ত বিভাগে ফিলিং, অপারেশন যন্ত্রপাতি ও রুট ক্যানেল যন্ত্রপাতিসহ অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নেই। মেডিকেল টেকনিশিয়ান রেডিওগ্রাফার দিলীপ কুমার বলেন, ‘পুরোনো একটি নড়বড়ে এক্স-রে মেশিন দিয়ে রোগীদের চাহিদানুযায়ী কাজ করতে হিমশিম খেতে হচ্ছে।’ ঝালকাঠির সিভিল সার্জন গুরুদাস সিকদার বলেন, ‘চিকিৎসকসহ বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য প্রতি মাসে স্বাস্থ্য অধিদপ্তরের তাগিদপত্র দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবেও ওপর মহলে যোগাযোগ করছি।’