অবশেষে শ্রম আইন সংশোধন করা হয়েছে। শ্রমিকদের ইউনিয়ন করাসংক্রান্ত বেশ কিছু সুবিধা দিয়ে গতকাল সোমবার শ্রম আইন, ২০০৬ সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ বাজার সুবিধা বা জিএসপি বাতিল নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে শুনানি চলছে। ২৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতে হবে বাংলাদেশকে। সরকারি বিভিন্ন সূত্রে জানা গেছে, এ কারণেই গতকাল শ্রম আইনে সংশোধন আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংশোধনীতে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের কল্যাণের বিষয়ে কয়েকটি নীতিমালা রাখা হয়েছে আইনে। এ ছাড়া পোশাক কারখানার ‘ট্রেড ইউনিয়ন ও অংশগ্রহণমূলক (পার্টিসিপেটরি) কমিটি’ করারও বিধান রাখা হয়েছে সংশোধনীতে। সংশোধনীতে বলা হয়েছে, বেশ কিছু শ্রমিক সংগঠন এনজিওর নামে শিল্প খাতে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এটা সুসংহত করার স্বার্থে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আগে অনুমতি রাখার বিধান রাখা হয়েছে।বর্তমান আইনে ট্রেড ইউনিয়নের নামের তালিকা মালিকপক্ষকে সরবরাহ করতে হতো এবং এর ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছিল। সংশোধনী অনুযায়ী, নামের তালিকা মালিকপক্ষকে দিতে হবে না। ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রের আলোকে নিবন্ধনের আবেদনের সময় মালিকপক্ষের কাছে ট্রেড ইউনিয়নের নেতাদের নামের তালিকা জমা দেওয়ার বর্তমান বিধান প্রস্তাবিত আইনে পরিহার করা হয়েছে।এ ছাড়া অংশগ্রহণকারী কমিটির ব্যাপারে সংশোধনীতে বলা হয়েছে, ৫০ জন শ্রমিক কর্মরত আছেন, এমন প্রতিটি প্রতিষ্ঠানের মালিক ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করে বিধির মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করবেন। কমিটিতে শ্রমিকপক্ষের নির্বাচিত বা মনোনীত কর্মকর্তা ও সদস্যদের কমিটির মেয়াদকালে তাঁদের সম্মতি ছাড়া মালিকপক্ষ বদলি করতে পারবে না। অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের কমিটির দায়িত্ব পরিচালনার সময়ে সরল বিশ্বাসে করা কাজের জন্য মালিক তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না। এ ছাড়া সংশোধনীতে যৌথ দর-কষাকষি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মালিক অথবা যৌথ দর-কষাকষি প্রতিনিধি প্রয়োজন মনে করলে বিশেষজ্ঞের সহায়তা নিতে পারবেন। এসব সংশোধনীর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করে এসব সংশোধনী আনা হয়নি। শুধু শ্রমিক নয়, মালিকদের স্বার্থ দেখার প্রয়োজন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেসব সংশোধনীর কথা বলা হয়েছে, তাতে আমাদের কিছুটা আপত্তি রয়েছে। যেমন ট্রেড ইউনিয়নের নেতাদের নামের তালিকা জমা দেওয়ার বর্তমান বিধান প্রস্তাবিত আইনে পরিহার করার বিষয়টি ঠিক নয়। আমাদের যদি তালিকা দেওয়া না হয়, তাহলে আমরা বুঝব কেমন করে, কারা কমিটিতে থাকবেন। এ ছাড়া অংশগ্রহণকারী কমিটির বিষয়ে যেসব বলা হয়েছে, তাও আরও আলোচনার প্রয়োজন রয়েছে। যেহেতু এটি নীতিগত অনুমোদন, সেহেতু আমরা অবশ্যই সরকারের সঙ্গে বসব।’শ্রমিকনেতা শিরীন আখতার অবশ্য সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যতটুকুই হয়েছে ভালো হয়েছে। বাকি যেগুলো হয়নি তার জন্য শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে। জানা গেছে, নতুন আইন অনুসারে ন্যূনতম ১৫ বছর চাকরি করেছেন এমন একজন শ্রমিক অবসর গ্রহণ অথবা চাকরি ছাড়ার সময় প্রতিবছরের জন্য দেড় মাসের গ্র্যাচুইটি পাবেন। এ ছাড়া নতুন আইনে ভবনের অবকাঠামো, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য সেবা খাতের সংযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কলকারখানার শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো কারখানায় পাঁচ হাজারের অধিক শ্রমিক থাকলে অবশ্যই একটি ক্লিনিক থাকতে হবে। সংশোধিত আইনে আউটসোর্সিংকেও আইনের আওতায় আনা হচ্ছে। আউটসোর্সিংয়ের কাজ যাঁরা করবেন তাঁরা যাতে বঞ্চিত না হন, সে জন্য সব আউটসোর্সিং প্রতিষ্ঠানকেই নিবন্ধন করতে হবে। এ ছাড়া গার্মেন্টসগুলো শ্রম আইন যথাযথ বাস্তবায়ন করছে কি না, তা তদন্ত করে দেখা হবে এবং এতে বাধা দিলে ছয় মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।আর সংশোধিত শ্রম আইন বাস্তবায়ন না করলে শ্রম আদালত, জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার বিধান রাখা রয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঞয়া সাংবাদিকদের জানান, বৈঠকে ইট প্রস্তুতকারক নিয়ন্ত্রণ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ইটভাটায় কাঠ ব্যবহার, ইট তৈরিতে কৃষিজমির মাটি ব্যবহার এবং নির্দিষ্ট এলাকায় ইটভাটা স্থাপনে আরও কঠোর নির্দেশনা রয়েছে। ইট পোড়াতে কাঠ ব্যবহারের জন্য সর্বোচ্চ তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ইট তৈরিতে পাহাড়ের মাটি ব্যবহার এবং সংরক্ষিত এলাকায় ইটভাটা স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।