৫০ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস নদীর সঙ্গে যুক্ত নবীনগর খাল ভরাটের অভিযোগে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ অর্থ জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ভরাট করা মাটি দুই মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন আদালত।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।রিট সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর সঙ্গে যুক্ত নবীনগর খাল ভরাটের উদ্যোগ নেন ঠিকাদার আবদুর রহমান। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এক চিঠিতে ওই খাল ভরাটের কার্যক্রম বন্ধ করতে বলেন। এর পরও কাজ চালিয়ে যাওয়ায় বেলা হাইকোর্টে একটি রিট করে। প্রাথমিক শুনানির পর একই বছরের ২৪ মে আদালত রুল জারি করেন। পাশাপাশি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবীর লিটন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।বেলার আইনজীবী ইকবাল কবীর লিটন প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত রুল মঞ্জুর করে রায় দিয়েছেন। খালের ভরাট করা মাটি দুই মাসের মধ্যে সরিয়ে নিতে এবং ৯০ দিনের মধ্যে ৫০ হাজার টাকা জরিমানা হিসেবে ইউএনওকে জমা দিতে আবদুর রহমানকে নির্দেশ দিয়েছেন আদালত।