৫০ হাজার ভোল্টের বিদ্যুতের শক!
যুক্তরাজ্যে একটি দোকানের ভেতর ঢুকে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে একজন বৈদ্যুতিক মিস্ত্রিকে ৫০ হাজার ভোল্টের টাজারের শক দেওয়া হয়েছিল।ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর খবরে বলা হয়, ক্রিস টমাস নামের (৪৫) ওই মিস্ত্রির পকেটে ঝোলানো ছিল একটি স্ক্রুড্রাইভার। দোকানের নিরাপত্তারক্ষীরা এটিকে ভয়ংকর কোনো অস্ত্র ভেবে ভুল করেন এবং ক্রিসকে চারবার টাজারের মাধ্যমে শক দেন। টাজার হলো একধরনের বৈদ্যুতিক যন্ত্র। ট্রিগার চাপলে এর মাথায় বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। উচ্চমাত্রার এই শকে শরীরে অনিয়মিত পেশি-সংকোচন শুরু হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রাণীটি চলাফেরা করতে পারে না। তবে এ ধরনের বন্দুকের শক খুবই মারাত্মক হতে পারে এবং কখনো কখনো তা মৃত্যুও ডেকে আনতে পারে।সম্প্রতি বিচারের সময় ক্রিস আদালতকে বলেন, পাশের একটি দোকানে ছাদপাখার কাজ সেরে তিনি ওই দোকানে ঢুকেছিলেন কিছু কিনবেন বলে। পুলিশের হাজির করা সাক্ষীরা আসামির বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দেওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন এবং মুক্তি দেন ক্রিসকে। তবে এরই মধ্যে পেরিয়ে যায় ১৮ মাস।