৫০ হাজার ৫৩৫ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে ওয়েবসাইটে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। এ বছর ট্যালেন্টপুলে ১৯ হাজার ৯৯৫ এবং সাধারণ গ্রেডে ৩০ হাজার ৫৪০ জন বৃত্তি পেয়েছে। মোট বৃত্তি পেয়েছে ৫০ হাজার ৫৩৫ শিক্ষার্থী।গতকাল বিকেল চারটার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফল প্রকাশ করা হয়। তবে ওয়েবসাইটে দুই দফায় ফল প্রকাশ করায় বিভ্রান্তি ও ভোগান্তিতে পড়েন অনেকে। এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা হয়নি। প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নম্বরের ভিত্তিতেই বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়েছে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদের মেধার ক্রম অনুসারে। সাধারণ বৃত্তির জন্য প্রতিটি ইউনিয়ন বা ওয়ার্ডে সর্বোচ্চ নম্বরধারী দুজন ছাত্র ও দুজন ছাত্রীকে নির্বাচন করা হয়েছে। অভিভাবকেরা অভিযোগ করেছেন, একই দিনে ওয়েবসাইটে বৃত্তি পরীক্ষার দুই রকম ফল প্রকাশ করায় তাঁদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে। বাংলাদেশ বেতারের প্রকৌশলী তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটায় তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ঢাকা বিভাগের ফলাফলের তালিকার প্রিন্ট নেন। এতে দেখা যায়, তাঁর মেয়ে ওয়াইডব্লিউসিএর ছাত্রী নাদিয়া মেহজাবিন, রোল-২২৮১ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তিনিও আত্মীয়স্বজনকে বিষয়টি জানান। কিন্তু আধঘণ্টা পরেই তিনি আবার ওই ওয়েবসাইটে গিয়ে দেখেন, ওই রোল নম্বর নেই। তাঁর কাছে দুটো তালিকাই প্রিন্ট নেওয়া আছে। একই রকম অভিযোগ করেছেন দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছাইদুর রহমান। তিনি বলেন, বিকেল সাড়ে চারটায় তিনি ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল নামান (ডাউনলোড) এবং প্রিন্ট নেন। এতে তিনি দেখেন, তাঁর স্কুলের চারজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তিনি এই শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানান। ঘণ্টাখানেক পরে এক অভিভাবক তাঁকে জানান, ওয়েবসাইটের সঙ্গে তাঁর দেওয়া ফলের তথ্য মিলছে না।জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রামার অনুজ কুমার রায় গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কারিগরি ত্রুটির কারণে প্রথমবার ভুল ফলাফল চলে গিয়েছিল। পরে তা ঠিক করা হয়েছে। দ্বিতীয়বারের ফলের তালিকাই সঠিক বলে বিবেচিত হবে।