৫০তম আইএমওতে ব্রোঞ্জ পদক বিজয়ী নাজিয়া ও সামিনের নতুন সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই স্বপ্ন ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন গণিত অলিম্পিয়াডে আরও তীব্র হয়। আর এবার সময় এল সে স্বপ্ন পূরণ হওয়ার। এ স্বপ্নাচারী মেয়েটির নাম নাজিয়া চৌধুরী। শুরুতে নাজিয়া ছিলেন সাধারণ, তবে প্রথমবার গণিত ক্যাম্পে অংশ নেওয়াটা ছিল অসাধারণ। সেই ক্যাম্পেই খুঁজে পাওয়া যায় নতুন এক নাজিয়াকে। মেয়েরা গণিত পারে না—এ কথা ভুল প্রমাণ করে নাজিয়া দেখিয়ে দিলেন সাফল্যের জন্য সৃজনশীলতা, মেধা আর পরিশ্রম প্রয়োজন; ছেলেমেয়ে কোনো ব্যাপার নয়। ক্যাম্পের জ্যামিতির সমস্যাগুলো থাকত কঠিন, দীর্ঘ ও সময়বহুল। সে কঠিন সমস্যাগুলোকেই পাড়ি দিয়ে নাজিয়া লাভ করেছেন ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ব্রোঞ্জ পদক। আর গণিত অলিম্পিয়াডের এ সাফল্য কাজে লাগিয়েই নাজিয়া ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন বিশ্বের সর্বসেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। এখানে ভর্তির জন্য নাজিয়ার প্রথমে প্রয়োজন ছিল একটা ভালো টোফেল (TOEFL) স্কোর ও স্যাট (SAT) স্কোর। নাজিয়া SAT 1-এ 2100 এবং SAT 2-তে 2220 পেয়েছেন। তার পর নাজিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম নামিয়ে ভর্তির জন্য আবেদন করতে থাকেন। আবেদন ফরমগুলোতে বিভিন্ন তথ্যের পাশাপাশি নানা বিষয় লিখে পাঠাতে হয়। যেমন, এমআইটির ক্ষেত্রে নাজিয়াকে লিখতে বলা হয়—‘তোমার জীবনের একটি উল্লেখযোগ্য সময়ের অভিজ্ঞতার কথা লিখ।’ এর উত্তরে নাজিয়া লিখেছেন, তাঁর গণিত ক্যাম্পের কথা। এ ছাড়া নাজিয়াকে ‘তোমার জীবনে কার প্রভাব সবচেয়ে বেশি, তুমি কখনো মানসিক দ্বন্দ্বে পড়েছো কি না’ ইত্যাদি বিষয়েও ছোট ছোট রচনা লিখতে হয়েছে। আবেদনপত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সুপারিশ (Recommendation)। নাজিয়া বাংলাদেশ গণিত দলের কোচ ও এমআইটির সাবেক শিক্ষার্থী মাহবুব মজুমদারের সুপারিশের পাশাপাশি তাঁর কলেজের শিক্ষক দীলিপ কুমার, ফরিদ আহমেদ চৌধুরী, সৈয়দ নাজিমুদ্দিন এবং আবৃত্তি দল প্রমার প্রধান রাশেদ হাসানের কাছ থেকে সুপারিশ নিয়েছিলেন। ১৪ মার্চ পাই দিবসের দিনে নাজিয়ার এ সাফল্য এমআইটি ভর্তি কমিটি নাজিয়াকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করে।গণিত অলিম্পিয়াড প্রসঙ্গে নাজিয়া তাঁর উচ্ছ্বসিত অনুভূতি ব্যক্ত করে জানালেন, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জন। বিদেশের মাটিতে নাজিয়ার এত বড় প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনাটা বিশাল ব্যাপার। যেহেতু এমআইটি কর্তৃপক্ষ পড়ালেখার পাশাপাশি আনুষঙ্গিক বিষয়গুলোকে খুবই গুরুত্ব দেয়, সেহেতু গণিত অলিম্পিয়াডে সাফল্য অর্জন এমআইটিতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে দিয়েছে। শুধু এমআইটি নয়, বিশ্বের যেকোনো দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের বিশেষ গ্রহণযোগ্যতা ও সম্মান আছে।এ ছাড়া নাজিয়া ক্যালটেকেও (ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি) ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ক্যালটেকে পদার্থবিজ্ঞানে পড়ছেন ২০০৭ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত দলের হয়ে অনারেবল ম্যানশন বিজয়ী তানভীর আহমেদ ভুঁইয়া। বাংলাদেশিদের মধ্যে তানভীরই বাংলা মিডিয়ামে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন পর্যায়ে ক্যালটেকে স্কলারশিপ পাওয়া প্রথম শিক্ষার্থী। জীবনে এ বিশাল সাফল্যের জন্য গণিত অলিম্পিয়াডের কাছে তানভীর কৃতজ্ঞ। তানভীর জানালেন, ক্যালটেকে সঙ্গের পড়ুয়াদের সঙ্গে তাঁর মেধার পার্থক্য নেই, সবাই সমান। শুধু এত দিন দেশে গণিত অলিম্পিয়াডের মতো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিছুর অভাব ছিল বলেই কেউ ক্যালটেক গ্র্যাজুয়েশন পর্যায়ে পড়ার সুযোগ পায়নি। বিদেশে পড়তে যাওয়ার এই তালিকায় আরও আছেন ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে আরেক ব্রোঞ্জ পদক জয়ী সামিন রিয়াসাত। এরই মধ্যে সামিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন কুইন্স কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। সামিনও তাঁর এ সাফল্যের জন্য গণিত অলিম্পিয়াডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।সুব্রত দেবনাথ