৫০০ একর জমির ফসল নষ্ট করে ৪০০ একরে সেচ দেওয়ার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার মধ্যবর্তী কালীগঞ্জের বুড়ি তিস্তা নদীর ওপর নির্মিত ব্যারাজের গেটগুলো বন্ধ রাখা প্রায় ৫০০ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ডিমলা ও জলঢাকা উপজেলার সদর ও গোলনা ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া ব্যারাজের জলাধারসংলগ্ন এলাকার ফসল তলিয়ে গেছে। ২৭ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, ডিমলার সদর ইউনিয়নের রামডাঙ্গা, কুটিরডাঙ্গা কেয়ার বাজার, পচারহাট ও পার্শ্ববর্তী জলঢাকা গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা ও খারিজা গোলনা মৌজার প্রায় দুই হাজার পরিবার তিস্তার জলাধারসংলগ্ন পাঁচ শতাধিক একর জমিতে আমন, আলু, বেগুন, মুলাসহ শীতকালীন বিভিন্ন সবজি চাষ করেছে। কৃষকদের অভিযোগ, ১৫ দিন ধরে ব্যারাজের গেটগুলো বন্ধ রাখা হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তাদের ফসল পানির নিচে তলিয়ে নষ্ট হচ্ছে।চিড়াভিজা গোলনা গ্রামে গেলে লাঠিতে ভর করে এগিয়ে আসেন ৭৫ বছরের তফর উদ্দিন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ‘মোর চার বিঘা জমির ধান শেষ হয়য়া গেইছে। এলা কি খায়য়া বাঁচমো? তোমরা মোক জবো করি থুইয়া যাও।’একই গ্রামের এজাজুল ইসলাম (৪০) বলেন, ‘আমাদের ২৮-৩০ বিঘা জমির আমন ধান এখন পানির নিচে। ১৫ দিন ধরে পানি আটকে থাকায় ধান গাছগুলো পচে গেছে।’ এ সময় এজাজুল পানির নিচ থেকে ধানের পচে যাওয়া গাছ তুলে দেখান।একই গ্রামের জমিরুল ইসলাম জানান, তাঁর ২৫ বিঘা জমির ধান ১৫ দিন ধরে পানির নিচে। পানি উন্নয়ন বোর্ডকে বলেও লাভ হচ্ছে না। তিনি দাবি করেন, পাউবো ব্রিজের দুটি গেট খুলে দিলে এ সমস্যা হতো না।জমিরুল ইসলাম অভিযোগ করেন, ‘পাউবো একটা কোম্পানিক জলাধারটা লিজ দিবার জন্য চেষ্টা করি, এলাকাবাসীর জন্য পারি নাই। এখন জনগণের সাথ শত্রুতামি করি গেট বন্ধ করি হামার ধান নষ্ট করবার লাগছে।’গ্রামের ইমদাদুল হক (৫০) বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড এলাকার এক হাজার ৩৬৫ একর জমি তাগো বলে দাবি করে। কিন্তু এখন তারা এর দ্বিগুণ জমিতে পানি তুলে আমাদের ক্ষতি করছে।’ তিনি আরও বলেন, ‘ওয়াপদা দুই বিঘা জমি কিনি ওঠে ব্রিজ বানেয়া এত মানুষের ক্ষতি করছে। এমপি-ডিসিক বললি, ডিসি সাব এমন রাগ দেখাইছে তাত বউ-বাচ্চাক নিয়া মরাই ভালো।’গ্রামের দেলোয়ার হোসেন জানান, তাঁরা চারজন বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে ক্ষতিপূরণ মামলা করেছেন। কিন্তু কাজ হয়নি। ডিমলা সদর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের আজাহার (৩০), ফজলু (২৫), এরশাদুল ইসলামসহ (৩০) অনেকে জানান, তাঁদের প্রায় ২০০ একর জমির ধান, সরিষা, মুলা, বেগুন, লালশাকসহ জমিতে লাগানো শীতকালীন সবজি পানিতে তলিয়ে গেছে।পচারহাট মৌজায় গিয়ে দেখা যায়, আমন খেতের ফসল হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। সেখানে যেতে হচ্ছে নৌকায় করে। কুটিরডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহিদুল ইসলামসহ (৪০) অনেকে অভিযোগ করেন, ১৯৬১ সালের বুড়ি তিস্তা জলাধারটি হওয়ার পরও তাঁরা সেখানে আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পাউবো তাঁদের জমি ছাড়ার নোটিশ দেয়নি। এলাকাবাসী বলেন, যে জমিতে বর্ষায় ধান লাগানো গেছে সেখানে কীভাবে শুষ্ক মৌসুমে ফসল তলায়, সেটা একটু চিন্তা করলেই বোঝা যায়।এ ব্যাপারে কথা বললে গোলনা ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। পাউবোকে বলার পরেও তারা গেট খুলতে রাজি না হওয়ায় এ অবস্থা হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কৃষকদের অভিযোগ পেয়ে একাধিকবার পাউবো কর্তৃপক্ষকে গেট খুলে দিতে অনুরোধ করেছি। তিনি বলেন, অন্তত ২০০ একরের ফসল নষ্ট হয়েছে। পাউবোর বুড়ি তিস্তার দায়িত্বশীল কর্মকর্তা (এসও) মকসুদার রহমান বলেন, ‘খরা মৌসুমে ইরি-বোরো চাষে সেচ দেওয়ার জন্য পানি সংরক্ষণ করতে গেট বন্ধ রাখা হয়েছে। জনসাধারণের জন্যই এটা আমরা করছি।’ ওই এলাকায় এক হাজার নয় একর জমিতে চাষাবাদ হয় বলে তিনি জানান। এর অর্ধেক জমিতে ফসল থাকার কথা স্বীকার করে তিনি বলেন, এখন সেখানে ৫০০ একরের মতো জমিতে ফসল আছে। কত জমিতে সেচ দেওয়ার জন্য পানি সংরক্ষণ করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংরক্ষিত পানিতে শুষ্ক মৌসুমে ৪০০-৫০০ একরের বেশি জমিতে সেচ দেওয়া যাবে না। মামলার পরেও পানি বন্ধ করে রাখার কথা স্বীকার করে তিনি বলেন, ‘তারা হাইকোর্টে মামলা করেছেন, কোর্ট আমাদের যেভাবে নির্দেশ দেবে সেভাবেই হবে।’ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেখানে জলঢাকা ও ডিমলা উপজেলার প্রায় ১২৫ একর আমন খেত জলমগ্ন হয়ে আছে বলে খবর পেয়েছি।’