এপ্রিল মাসে শুধু এক দিনে রাজধানীর উত্তরার স্কুল-কলেজের সামনে থেকে বখাটেপনার অভিযোগে ১১ কিশোরকে গ্রেপ্তার করে র্যাব। মোহাম্মদপুর এলাকায় গত ২২ মার্চ নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরকে অপহরণের অভিযোগে প্রায় তারই সমবয়সী তিন কিশোর ও এক কিশোরীকে গ্রেপ্তার করে পুলিশ।গত ১৬ মার্চ আরামবাগে বাস কাউন্টারের ভেতরে সদ্য কৈশোর পেরোনোরা ‘অপমানের প্রতিশোধ নিতে’ খুন করে সহকর্মীকে। চট্টগ্রামে গত মার্চে বন্ধুকে মারধরের প্রতিবাদ করায় আরেকটি স্কুলের ছাত্রের ছুরিতে প্রাণ দিতে হয় মেধাবী এক ছাত্রকে।চলতি বছর শুধু ঢাকা শহরে ৫১১ জন কিশোর সন্ত্রাসীর তালিকা করেছে পুলিশ।সব ঘটনা লিখলে এ তালিকা দীর্ঘতর হতে বাধ্য। এভাবে ক্রমেই বিভিন্ন ধরনের অপরাধে শিশু-কিশোর-তরুণদের জড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। সমাজ গবেষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্বিগ্ন।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল-কলেজের সামনে ছাত্রী-নারীদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে সামান্য বিষয় নিয়ে মানুষ খুনের মতো ঘটনা ঘটিয়ে চলেছে কিশোরেরা। এর কোনো শ্রেণীগত সীমাও নেই। ফুটপাতের পথশিশু থেকে শুরু করে সচ্ছল ঘরের ছেলেমেয়েরা সবাই এর মধ্যে আছে।গত ৯ মার্চ ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ সভার পর এক সংবাদ সম্মেলনে কিশোর অপরাধীদের তালিকা করার তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। এসব সন্ত্রাসী খুন, অস্ত্র বহন, চাঁদাবাজি, ছিনতাই, মাদক বহনসহ সব ধরনের অপরাধের সঙ্গে জড়িত।গত কয়েক মাসে অস্ত্রসহ বেশ কয়েকজন কলেজছাত্র ও স্কুলপড়ুয়া কিশোর গ্রেপ্তার হয়েছে রাজধানীতে। এরা বেশির ভাগই স্কুল-কলেজের ব্যাগে করে অস্ত্র ও নিষিদ্ধ দ্রব্য বহন করত।অপরাধের ধরন: র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, উত্তরা থেকে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ১১ জনের মধ্যে ১০ জনেরই বয়স ১৬ থেকে ১৯-এর মধ্যে। এরা সবাই ছাত্র এবং সচ্ছল পরিবারের সন্তান।গত বছরের ৯ এপ্রিল ঢাকা বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জিসানকে খুন করে তারই বন্ধু আলভী (১৭) ও রহিম (১৭)। নাটকের টিকিট বিক্রি ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে জিসানকে খুন করা হয়।এর আগে ১৫ জানুয়ারি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এক তরুণীকে শ্বাসরোধে খুন করে তিন তরুণ। তাদের বয়স ছিল ১৮ থেকে ২০-এর মধ্যে। নিহত তরুণী ছিল এদের একজনের প্রেমিকা। বিয়ের জন্য চাপ দেওয়ায় তাকে খুন করা হয়।আইনের লোকেরা যা বলেনএ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শহীদুল হক সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘মূল্যবোধের পরিবর্তন, সামাজিক অবক্ষয় এসবের কারণে কিশোর-তরুণেরা অপরাধে জড়িয়ে পড়ছে। পুলিশ এদের তালিকা করেছে। এদের ধরার চেষ্টা চলছে।’তিনি বলেন, ‘তবে মূল কাজটা করতে হবে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে। আমরা বারবার সংশ্লিষ্টদের সচেতন করার চেষ্টা চালিয়েছি। এর বেশি পুলিশ কী করতে পারে!’ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, মূলত পথের শিশুরা বড় হয়ে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ে, এটা স্বাভাবিক। তবে এখন সচ্ছল পরিবারের যত্নে বেড়ে ওঠা ছেলেরাও নানা ধরনের অপরাধে নিজেদের জড়িয়ে ফেলছে। খুন করতেও এদের হাত কাঁপছে না।সচ্ছল পরিবারের সন্তানদের অপরাধে জড়ানোর সম্ভাব্য কারণ হিসেবে মাদককে চিহ্নিত করেন তিনি। মাদক কেনার টাকা জোগাড় করতে অপরাধে নামে তারা।এ ছাড়া উপকমিশনারের মতে, কিশোর-তরুণেরা নিত্যনতুন মোবাইল ফোন, দামি কম্পিউটার, পোশাক-আশাকের মোহেও অপরাধের পথে পা বাড়ায়। বাবা-মা চাহিদা পূরণ করতে না পারলে এরা টাকার লোভে অপরাধ করে বসে।বখাটেদের উৎপাত বন্ধে বিশেষ দিবস পালন ও দেশব্যাপী প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসের মাঝামাঝি রাজধানীতে মেয়েদের স্কুল-কলেজের সামনে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে বখাটেদের উৎপাতে শ্যামলীর পিংকি ও খিলগাঁওয়ের ইলোরার আত্মহৎযাসহ কয়েকটি ঘটনায় সরকার এসব ব্যবস্থা নেয়।গবেষকের অভিমতএ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এ এস এম আতীকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আধুনিক প্রযুক্তি আর আমাদের ঐতিহ্যগত সংস্কৃতি এ দুটোর মধ্যে সমন্বয় করতে পারছে না উঠতি বয়সীরা। আমাদের সংস্কৃতির বাইরের অনেক কিছুকেই তারা আধুনিকতা বলে মনে করছে। যেমন অনেক কিশোর-কিশোরী নেশাটাকে আধুনিকতা বলে মনে করছে।’আতীকুর রহমান বলেন, বাবা-মা, স্কুল-কলেজ, সমাজ তাদের পর্যাপ্ত নির্দেশনা দিতে পারছে না। কিশোর-কিশোরীরা মানসিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। তারা বন্ধুদের ওপর বেশি নির্ভর করছে। আর এ কারণে বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ছে।বাস্তববিবর্জিত লেখাপড়াও এর জন্য দায়ী বলে মন্তব্য করেন তিনি।