৫০০ ছাত্রীর জন্য একজন বুয়া
নগরের বনানী মেসে পাঁচ শতাধিক ছাত্রী গাদাগাদি করে বাস করে। এ নিবাসের সাজেদা বেগম (ছদ্মনাম) বলেন, ‘পড়াশোনা করতে হলে তো মেস ছাড়া বিকল্প নেই। কলেজের ছাত্রাবাসে মাত্র কয়েক শ ছাত্রী থাকতে পারে। বাকি ছাত্রীরা কোথায় যাবে? কষ্ট হলেও থাকতে হচ্ছে এভাবেই।’ মনিরা পারভীন (ছদ্মনাম) বলেন, ‘পানির অভাবে একদিন খাওয়ার জন্য আনা পাঁচ লিটার পানি দিয়ে কোনোমতে গোসল করেছি। ৫০০ ছাত্রীর জন্য একজন বুয়া। সকালে আলু সেদ্ধ, দুপুরে অর্ধেক ডিম, কোনো সময় মাছ এবং রাতে সবজি দিয়েই ভাত খেতে হয়। মাঝেমধ্যে বুয়া রান্না না করলে সমস্যায় পড়তে হয়। তখন হয় নিজেদের রান্না করে খেতে হয় অথবা বাইরে থেকে খাবার আনতে হয়।’এই মেসের একাধিক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেসের সিটগুলো যেন মুরগি রাখার ঘর। কোনোমতে গাদাগাদি করে সিট বানানো হয়েছে। প্রতি ১৬ জন ছাত্রীর জন্য একটি বাথরুম। এত অসুবিধার পরও তাঁরা আনন্দেই আছেন।অনেক মেসে ছাত্রীরা নানাভাবে নির্যাতনের শিকার: বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থী নুরুল আম্বিয়া জানান, মেসের ছাত্রীদের ওপর রীতিমতো মেসের মালিকেরা নির্যাতন চালান। শান্তা আছিবালয় থেকে রাত আটটায় এক ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে। ওই মেসের মালিক কসাই মামুন মেসের এক ছাত্রীকে জোর করে বিয়েও করেছেন। তাঁর বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। কলেজের সামনে বনানী, ড্রিম হাউস, আইনুন ভিলা, খান ভিলা, সুরভী সবুজ ভিলা, ইরান ভিলাসহ অনেক মেসেই ছাত্রীরা নানাভাবে নির্যাতনের শিকার হন। তাঁরা প্রতিবাদ করতে সাহস পান না।হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ঝালকাঠির নলছিটি উপজেলার রোকসানা আক্তার বলেন, ‘মেসে ভালোই লাগে, তবে কষ্ট হয় পানি নাই এ জন্য।’ ইংরেজি প্রথম বর্ষের ছাত্রী বাকেরগঞ্জ উপজেলার মুনিয়া মৌসুমী বলেন, ‘মা-বাবাকে ছেড়ে থাকতে ভালো লাগে না। তার পরও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কেটে যায়।’ একই বর্ষের শিল্পী বিশ্বাস বলেন, ‘প্রথম প্রথম খারাপ লাগত, তাই বাড়িতে গেলে আর আসতে চাইতাম না। এখন সয়ে গেছে। পানির কষ্ট সহ্য করা যায় না।’ নগরের কলেজ রোডে অবস্থিত সজীব ভিলার মেসে থাকেন ব্রজমোহন কলেজের সমাজকল্যাণ তৃতীয় বর্ষের ছাত্রী পটুয়াখালীর বাউফল উপজেলার সৈয়দা সামসুন্নাহার আখি। তিনি বলেন, ‘এখানে বাড়ির পরিবেশ পাওয়ার কথা নয়। স্বাধীনতা থাকলেও মা-বাবার অনুপস্থিতি মাঝেমধ্যে কষ্ট দেয়। ভাইবোনদের মিস করি। এসব কথা ভুলিয়ে দেয় মেসের বান্ধবীরা। সবাই মিলে রান্না করে খাই, পিকনিক করি, সব মিলে শান্তিতে আছি।’ নগরের আইনুন ভিলায় ৮০ জন ছাত্রীর নিবাস। ব্রজমোহন কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার অদিতি মিস্ত্রী বলেন, ‘মা-বাবাকে ছেড়ে থাকছি, সে কষ্ট তো আছেই। তবে সবার সঙ্গে কষ্ট ভাগাভাগি করে নিই। পূজা ও ঈদে বাড়িতে মা-বাবার সঙ্গে একত্রে কিছুদিন থাকতে পারি, এর বাইরে নিবাসীদের সঙ্গেই আপন বোনের মতো কাটিয়ে দিই।’ অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্রী গোপালগঞ্জ জেলার হোসনে আরা সুমা বলেন, ‘মা-বাবাকে ছেড়ে থাকতে কি ভালো লাগে। মেস জীবন বড়ই কষ্টের। খাওয়া-দাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হয়।’ ইসলামী শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী বেতাগী উপজেলার মনিমালা বলেন, ‘বাড়ি ও মেসে দুই ধরনের অভিজ্ঞতা। এখানে খাবার-দাবার খারাপ আর বাড়িরটি খুবই সুস্বাদু।’ সমাজকল্যাণ চতুর্থ বর্ষের ছাত্রী বরগুনার আনজুমান আরা বলেন, ‘মা-বাবাকে সব সময় দেখতে পাই না, এটা একধরনের কষ্ট, তাঁদের মিস করি। কিন্তু একসঙ্গে এত মেয়ে থাকি, সে কারণে দুঃখটা আবার ঘুচে যায়।’ সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাসরীন জাহান বলেন, ‘মেসে থাকতে ভালোই লাগে। সবচেয়ে কষ্ট হয় পানি ও বিদ্যুৎ সমস্যায়।’