৫০০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে, ১০ কোটি টাকার ক্ষতি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে পানবরজ পুড়ে গেছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বলেছেন, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। কৃষকদের কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, পান বরজগুলো দৌলতপুর উপজেলায় হলেও ক্ষতিগ্রস্ত চাষীদের বাড়ি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পানবরজের পাশের একটি গমের খেতে খড় পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়। তীব্র বাতাসের ফলে একপর্যায়ে আগুন একটি পানবরজে লেগে যায়। পরে পর্যায়ক্রমে আশপাশের পানবরজেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পানচাষি ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হন।ক্ষতিগ্রস্ত পানচাষি সিরাজ উদ্দিন বলেছেন, তাঁর সাড়ে চার বিঘা জমিতে পানের বরজ ছিল। কিন্তু সর্বনাশা আগুনে তাঁর সব বরজই পুড়ে গেছে। এ বরজ থেকে উপার্জিত আয়েই তাঁর সংসার চলত। এখন কীভাবে সংসার চালাবেন, তা ভেবে কুল-কিনারা পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত কৃষক শিহাব, খলিল, জামাল, আকবর, বাবুল, ওমর আলী, আজগর, নাসির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে প্রায় চার শতাধিক পানচাষি সর্বস্বান্ত হয়েছে।ভেড়ামারার ইউএনও রাজিবুল ইসলাম বলেছেন, তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পরে প্রয়োজনীয় সাহায্য নেবেন।