বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৩ সালের মাঝামাঝি সময় ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।এনামুল হক বলেন, এ লক্ষ্যে এনভিভিএনের সঙ্গে বিউবির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ভারতের সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন সংস্থা ‘এনটিপিসি’র বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।প্রতিমন্ত্রী বলেন, বাকি ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে ক্রয় করার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।সরকারি দলের মোশতাক আহমেদ রুহীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত তিন বছরে ২৪ লাখ ১১ হাজার ৩২৩ জন নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, যার মধ্যে ৭৩ হাজার ২২৯টি সেচ সংযোগ। বিগত তিন বছরে ১১ লাখ ২৫ হাজার এয়ারকুলার, ২০ লাখ ফ্রিজ, এক লাখ ৭৭ হাজার মাইক্রোওভেন ও অন্যান্য ইলেকট্রিক যন্ত্রপাতি আমদানি করা হয়েছে।তিনি বলেন, নতুন গ্রাহক ও নতুন এসব যন্ত্রপাতির জন্য চাহিদা প্রায় দুই হাজার মেগাওয়াট। এছাড়া কয়েক লাখ ইজি বাইকের ব্যাটারি চার্জ করতে প্রতিনিয়ত ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এসব কারণে উৎপাদন বাড়া সত্ত্বেও লোডশেডিং দূর করা সম্ভব হয়নি।