যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের জন্য একটি মাত্র বাস রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, একুয়া কালচার ও ফিশারিজ, পরিবেশ বিজ্ঞান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং অণুজীববিজ্ঞান বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হয়। এবার ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশলী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ খোলা হয়েছে। নয়টি বিভাগে বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছেন।পরিবেশ বিজ্ঞান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হরজিৎ ঘোষ বলেন, ‘১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ক্যাম্পাসে হল নির্মাণের কাজ চলছে। যে কারণে সব শিক্ষার্থীকে যশোর শহরে মেসে থাকতে হয়। ক্লাস করতে প্রতিদিন তাঁদের শহর থেকে ক্যাম্পাসে যেতে হয়। যাতায়াতের জন্য একটি মাত্র বাস রয়েছে। সকালে ক্লাসের সময়ে বেশি ভিড় হয়, এ জন্য বাসে জায়গা পাওয়া দুষ্কর হয়ে যায়। প্রায় সময় বাদুরঝোলা অবস্থায় ক্যাম্পাসে যেতে হয়। দুপুরে ফেরার সময়ও একই ভোগান্তি।’২৪ মার্চ সরেজমিন দেখা যায়, ক্লাস শেষে ছাত্রছাত্রীরা হুড়মুড় করে বাসে উঠছেন। বাসের মধ্যে তিলধারণের ঠাঁই নেই। বাসের ফলকে কোনোরকমে এক পা দিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে কয়েকজন দাঁড়িয়ে আছেন গাড়ি ছাড়ার অপেক্ষায়।এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র আনিছুর রহমান বলেন, ‘আজকে তো তাও সৌভাগ্যক্রমে বাসে উঠতে পারলাম, এতদিন তো তাও পারিনি।’ ফিশারিজ বিভাগের ছাত্রী তন্দ্রা রানী কুণ্ডু বলেন, ‘লাইনের বাসে যাওয়া তো আরও বেশি ঝামেলার, তাই গাদাগাদি করে হলেও বিশ্ববিদ্যালয়ের বাসে যাচ্ছি, এটিই সান্ত্বনা।’এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, নতুন সংসারে সবাইকে তো কম-বেশি ছাড় দিতে হয়। একটি পরিবহনের জন্য শিক্ষার্থীদের কষ্ট হয়ে যায়। যে কারণে আরও দুটি পরিবহন কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির হয়তো পরিবহন দুটি আমরা পেয়ে যাব। পরিবহন ফি এক হাজার টাকা খুব বেশি নয়।