৫০৯ ধারা কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দণ্ডবিধির ৫০৯ ধারায় নারীর শালীনতার প্রতি অমর্যাদাকর কাজের জন্য শাস্তি নির্ধারণ করা হলেও নারীর শালীনতার প্রতি অমর্যাদাকর কাজ বলতে কী বোঝায় বা কোন কোন কর্মকাণ্ড এর অন্তর্ভুক্ত হবে, তা সুস্পষ্ট নয়। অনুরূপভাবে নারী ও শিশু নির্যাতন আইন কেবল শারীরিক স্পর্শের মাধ্যমে যৌন হয়রানির ঘটনায় সীমাবদ্ধ রাখা হয়েছে। ঢাকা মহানগরের পুলিশ অধ্যাদেশ এবং দণ্ডবিধিতে আপত্তিকর মন্তব্য বা অঙ্গভঙ্গির বিষয়টি অন্তর্ভুক্ত করা হলেও অন্যান্য বিষয়ে হয়রানির ক্ষেত্রে উল্ল্লিখিত আইনে প্রতিকার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ অবস্থায় দণ্ডবিধির ৫০৯ ধারায় যৌন হয়রানিকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা যায়:‘যদি কেউ—১. সরাসরি বা ইঙ্গিতে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ করে। যেমন—শারীরিক স্পর্শ, পরিধানের কাপড় টেনে ধরা বা এ ধরনের অন্যান্য আচরণ করে; ২. যৌন ইঙ্গিতবাহী কোনো কিছু উপস্থাপন বা উক্তি বা মন্তব্য বা প্রদর্শন করে; ৩. পর্নোগ্রাফি দেখায়; ৪. অশালীন অঙ্গভঙ্গি, যৌন ইঙ্গিতমূলক ভাষা বা মন্তব্যের দ্বারা উত্ত্যক্ত করে; ৫. ব্ল্যাকমেইল বা চরিত্র হননের উদ্দেশ্যে কারও স্থির বা ভিডিওচিত্র ধারণ, সংরক্ষণ, প্রদর্শন, বিতরণ, বিপণন ও প্রচার বা প্রকাশ করে, তবে তার এ কাজ যৌন হয়রানিমূলক অপরাধ বলে গণ্য হবে।’শাস্তিযৌন হয়রানির সংজ্ঞা কেবল অশালীন মন্তব্য বা উক্তির মধ্যে সীমাবদ্ধ না থাকায় যৌন হয়রানির শাস্তি এক বছরের স্থলে অপরাধের প্রকৃতি ও পরিধি বিবেচনায় সর্বোচ্চ তিন বছর এবং জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে।যৌন হয়রানির কারণে আত্মহত্যাযৌন হয়রানির কারণে কোনো নারী আত্মহত্যা করলে প্রচলিত আইনে এর জন্য পৃথক শাস্তির ব্যবস্থা নেই। এ অবস্থায় যৌন হয়রানির প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করলে যৌন হয়রানিকারী ব্যক্তি ওই নারীকে ওই কার্যকলাপ দ্বারা আত্মহত্যা করতে প্ররোচিত করার অপরাধে অপরাধী হবেন এবং ওই অপরাধের জন্য তিনি অনধিক সাত বছর কিন্তু অন্যূন তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন—এরূপ সুপারিশ করা যেতে পারে।সংঘটনের স্থানমূলত ‘Public place’ বা ‘জনস্থল’-এ যৌন হয়রানির ঘটনা ব্যাপকভাবে ঘটে বিধায় দণ্ডবিধির ৫০৯ ধারার ব্যাখ্যায় এর সংজ্ঞা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এখানে ‘জনস্থল’ অর্থ রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, হাসপাতাল, ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, নৌবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, ফেরি, প্রেক্ষাগৃহ, আচ্ছাদিত প্রদর্শনীকেন্দ্র, থিয়েটার হল, বিপণিবিতান, পাবলিক টয়লেট, সরকারি বা বেসরকারিভাবে পরিচালনাধীন শিশুপার্ক, বাস, ট্রেন, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক যানবাহন, উড়োজাহাজ ও সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য যেকোনো বা সব স্থান বা পাবলিক পরিবহন বোঝাবে। অপরাধের আপসযোগ্যতা ও জামিনযোগ্যতাযৌন হয়রানিমূলক অপরাধের ব্যাপকতা ও প্রতিক্রিয়া বিবেচনায় যৌন হয়রানির কারণে আত্মহত্যার ঘটনা ছাড়া অন্যান্য ক্ষেত্রে অপরাধটি আপসযোগ্য এবং সব ধরনের যৌন হয়রানির অপরাধ আমলযোগ্য ও ক্ষেত্রবিশেষে জামিন-অযোগ্য করা যেতে পারে। সূত্র: বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি