৫১ জন আসামির লিখিত জবানবন্দি, কাল রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫১ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে কাল সোমবার রায় দেওয়া হবে। এর আগে আজ রোববার সকাল সাড়ে আটটায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ বিচারকাজ শুরু হয়ে শেষ হয় বেলা দুইটা ২০ মিনিটে। পাশাপাশি আদালত কাল বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।আজ ৫১ জন আসামির প্রত্যেকে আদালতে লিখিত জবানবন্দি উপস্থাপন করেন।এরপর মামলার সরকারি কৌঁসুলি ও ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম বাদীপক্ষের যুক্তি-প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করেন। এ সময় তিনি মাল্টিমিডিয়ার সহযোগিতা নেন।আদালত সরকারি কৌঁসুলির যুক্তিতর্কের ওপর কোনো আসামির কিছু বলার আছে কি না, জানতে চাইলে ছয়জন আসামি বক্তব্য দেন।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য বিচারকেরা হচ্ছেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দিদার আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।আজ বিচারকাজ শুরুর আগেই ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে ৫১ জন আসামির সবাইকে কড়া নরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। আজ আদালতের বিশেষ নিরাপত্তাব্যবস্থা হিসেবে তার আশপাশে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়।বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম ফকির এই ৫১ জন জওয়ানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনের ১০(১) ধারায় শৃঙ্খলা ভাঙা, বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গুলিবর্ষণ করা, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, পাগলাঘণ্টা বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা ও বিদ্রোহ সংঘটনে সহযোগিতা করার অভিযোগ আনা হয়। সে সময় ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ কামাল ভয়ে ব্যাটালিয়ন ত্যাগ করতে বাধ্য হন এবং পালিয়ে চার কিলোমিটার গ্রামের রাস্তা হেঁটে প্রাণ রক্ষা করেন।তখন বিদ্রোহী জওয়ানেরা চেইন অব কমান্ড অবমাননা করে ৭৩৯ রাউন্ড গুলি ছোড়েন। অস্ত্রাগার থেকে তাঁরা বিনা অনুমতিতে ৪২টি গ্রেনেড বের করেন। ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও তারা নিরাপদ দূরত্বে চলে যায়। উল্লেখ্য, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে।মামলার সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করছেন ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম। তাঁকে সহযোগিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেন ও মঞ্জুরুল আলম। অন্যদিকে আসামিদের বন্ধু (ফ্রেন্ডস অব দি অ্যাকিউজড) হিসেবে আছেন বিডিআরের কর্মকর্তা মেজর সৈয়দ রাশীদ আহমেদ। এ ছাড়া ১৮ জন আসামি তাঁদের বেসামরিক আইনজীবী হিসেবে মোজাফফর আহমেদ, ইমরান চৌধুরী, সাহাবুদ্দীন খান, গোলাপ হোসেন, ফজলে রাব্বী, ফজলে আলম ও মোহাম্মদ নবাবকে নিয়োগ করেছেন।লে. কর্নেল মাহফুজ আলম জানান, গতকাল শনিবার পর্যন্ত ৩১ জনের সাক্ষ্য গ্রহণ ও তাঁদের জেরা করা হয়েছে। এ মামলায় ৮৪ জনকে সাক্ষী করা হলেও আর কারও সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই বলে আদালতকে জানানো হয়। আদালত বাদীপক্ষের এই যুক্তি আমলে নিয়ে সাক্ষ্যগ্রহণপর্ব শেষ করার ঘোষণা দেন।প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি এ আদালত এ মামলার বিচার শুরু করেন। মামলাটির ৫১ জন আসামির মধ্যে ৪৪ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।