৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যাঁরা
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত দলের নাম ঘোষণা করেছে। অষ্টম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের মাধ্যমে বাছাই করা দলটি আগামী জুলাইয়ে ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগ দিতে যাচ্ছে। ২ থেকে ১৪ জুলাই কাজাখস্তানের রাজধানী আস্তানায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পাঁচজন কৃতী শিক্ষার্থী। তাঁরা হলেন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তারিক আদনান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হক মুহাম্মদ ইশফাক, সিলেট এম সি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রাণন রহমান খান, খুলনা পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী কাজী হাসান জুবায়ের এবং সিলেট সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিজা আনজুম।তারিক আদনান: অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস’ তারিক আদনান এর আগে ভিয়েতনাম, স্পেন ও জার্মানিতে অনুষ্ঠিত আইএমওতে গিয়েছিলেন। ৫০তম আইএমওতে ১ নম্বরের জন্য ব্রোঞ্জপদক পাননি তিনি। মোট ১৩ নম্বর পেয়ে অর্জন করেছেন ‘অনারেবল ম্যানশন’। তারিকের বাবা এ বি এম শামসুর রহমান দর্শনা সুগার মিলের মহাব্যবস্থাপক আর মা মালেকা বিলকিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত।হক মুহাম্মদ ইশফাক: এর আগে স্পেন ও জার্মানিতে আইএমওতে যোগ দেন ইশফাক। ৫০তম আইএমওতে মোট ১০ নম্বর পেয়ে অর্জন করেছেন ‘অনারেবল ম্যানশন’। ইশফাকের বাবা মো. মাহফুজুল হক এবং মা সালেহা খান দুজনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।প্রাণন রহমান খান: গত বছরের জুলাইয়ে জার্মানির ব্রেমেনে অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নেন প্রাণন। তাঁর অর্জন ছিল ‘অনারেবল ম্যানশন’। এ পর্যন্ত আটটি জাতীয় অলিম্পিয়াডের সাতটিতে অংশ নিয়ে প্রাণন প্রতিবারই পুরস্কার পেয়েছেন। পঞ্চম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে জুনিয়র ক্যাটাগরিতে তিনি হয়েছিলেন সেরাদের সেরা। প্রাণনের কেমিকৌশল প্রকৌশলী মা কানিজ ফেরদৌস গৃহিণী। বাবা মাকসুদুর রহমান খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক।কাজী হাসান জুবায়ের: ৫০তম আইএমওতে প্রথমবারের মতো দেশের প্রতিনিধিত্ব করেছিলেন জুবায়ের। তাঁর বাবা কাজী মো. জিল্লুর রহমান মংলা বন্দরের নির্বাহী প্রকৌশলী আর মা হাসিনা বানু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে এখন গৃহিণী। নাফিজা আনজুম: অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে ‘তাজিমা এইচ মজুমদার প্রাইজ ইন ম্যাথমেটিকস-২০১০’ জিতেছিলেন নাফিজা। এ ছাড়া হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও সর্বাধিকবার অংশ নেওয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি। নাফিজার বাবা আনোয়ারুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক এবং মা আঞ্জুমান আরা বেগম সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান।যেভাবে হলো নির্বাচন: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এবং ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আর প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ২০০৯ সালের ১৮ ডিসেম্বর রংপুরে এবারের আঞ্চলিক গণিত উৎসবের যাত্রা। এর মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় গণিত দলের জন্য সদস্য অন্বেষণ। এরপর দেশব্যাপী আয়োজিত ১৩টি আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয় ১৫ হাজার শিক্ষার্থী। ১৩টি আঞ্চলিক উৎসবের বিজয়ী ৮৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৪ জন ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকায় সেন্ট যোসেফ স্কুলে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেয়। অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা ৩৫ জন শিক্ষার্থীকে নিয়ে ২১ থেকে ৩০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হয় ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্প।বাংলাদেশ গণিত দলের কোচ বিশিষ্ট গণিত পদার্থবিদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব মজুমদারের সুপারিশ অনুযায়ী এবারের জাতীয় গণিত দলের পাঁচ সদস্যকে নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।১৯৫৯ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা আইএমও শুরু হয়। ২০০৪ সালে গ্রিসে অনুষ্ঠিত ৪৫তম অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান পর্যবেক্ষক হিসেবে যোগ দেন এবং সেখানেই বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পূর্ণ সদস্যপদ লাভ করে। ২০০৫ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম অংশ নেয় বাংলাদেশ। ২০০৯ সালে জার্মানির ব্রেমেনে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫০তম আয়োজনে সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী প্রথমবারের মতো অর্জন করেন দুটি ব্রোঞ্জ মেডেল। গত পাঁচ বছরে দুটি ব্রোঞ্জ মেডেল ও নয়টি ‘অনারেবল ম্যানশন’ অর্জন করেছে বাংলাদেশের খুদে গণিতবিদেরা।