৫২ জন রাজনৈতিক বন্দীর মধ্যে ৬ জনের কিউবা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথলিক চার্চের সঙ্গে হাভানার এক চুক্তির অধীনে যে ৫২ জন রাজনৈতিক বন্দী মুক্তি পাবেন, তাঁদের ছয়জন গতকাল সোমবার কিউবা ত্যাগ করেছেন। তাঁরা স্পেনে নির্বাসিত কিউবান হিসেবে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন।বন্দীদের মধ্যে জোসে লুই গার্সিয়া প্যানেক নামে একজন একটি এয়ার ইউরোপা বিমানে মাদ্রিদের উদ্দেশে হাভানা বিমানবন্দর ছেড়ে রওনা দেওয়ার সময় টেলিফোনে রয়টার্সকে তাঁদের কিউবা ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী ফ্লাইটে আরও পাঁচজন বন্দীর হাভানা ত্যাগ করার কথা। বন্দীদের পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে দেশত্যাগ করছেন বলে তিনি জানান।কিউবার সরকার ২০০৩ সালে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে এক অভিযান চালানোর সময় এই ৫২ জনকে গ্রেপ্তার করার পর থেকে তাঁরা বন্দী ছিলেন। গত বুধবার হাভানা ও ক্যাথলিক চার্চের মধ্যে সম্পাদিত এক চুক্তির অধীনে তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।মানবাধিকার সংস্থাগুলোর ধারণা, কিউবায় রাজনৈতিক বন্দীর সংখ্যা ছিল ১৬৭, যাঁদের মধ্যে ১০ জন ইতিমধ্যে প্যারোলে ছাড়া পেয়েছেন। কিউবা ভিন্নমতাবলম্বীদের সে দেশের কমিউনিস্ট সরকারকে উৎখাত করার জন্য নিয়োজিত যুক্তরাষ্ট্রের ভাড়াটে সৈনিক হিসেবে গণ্য করে। কিউবা চায়, তাঁরা দেশ ছেড়ে চলে যাক। অন্যদিকে মুক্তি পাওয়া বন্দীরা কিউবা ছেড়ে চলে যেতে চাইলে স্পেন তাঁদের গ্রহণ করতে সম্মত হয়েছে। — রয়টার্স