৫২টি দুর্ধর্ষ ডাকাতির মামলাও প্রত্যাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ডাকাতিই নয়, ডাকাতি করতে গিয়ে খুন করেছে—এমন ৫২টি মামলাকেও ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করে প্রত্যাহার করা হচ্ছে। ২০১০ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করে সরকারের গঠিত কমিটি। তবে এসব ভয়ংকর অপরাধের মামলা প্রত্যাহারে আপত্তি জানিয়েছে পুলিশ সদর দপ্তর।সূত্র জানায়, চিহ্নিত ৫২টি দুর্ধর্ষ ডাকাতি মামলার মধ্যে খুনসহ ডাকাতির মামলা রয়েছে সাতটি। পেশাদার অপরাধীরা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এসব ঘটনায় লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। মামলা প্রত্যাহারে আপত্তি জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসব মামলা প্রত্যাহার করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়বে।‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার ইতিবাচক মনোভাব নিয়ে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এতে যদি ভুল হয়ে থাকে, তাহলে তা শুধরে নেওয়া হবে।ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য একটি জাতীয় কমিটি গঠন করে। এই কমিটির বৈঠকে ১০ হাজার ২৯৩টি মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন করা হয়। এর মধ্যে কমিটি এ পর্যন্ত ছয় হাজার ৬৫৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। তবে শীর্ষস্থানীয় সন্ত্রাসীসহ খুন বা ডাকাতির মতো ফৌজদারি অপরাধের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। আবার অনেক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে অর্থের লেনদেন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নিয়ম অনুসারে কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে আবেদন করে এসব মামলা আর না চালানোর বিষয়টি আদালতকে জানান।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, আইন অনুসারে মামলা প্রত্যাহারের ক্ষমতা সরকারের। জেলা পর্যায় থেকে এসব সুপারিশ আসে। কোন মামলা প্রত্যাহার করা হবে, সেটা নির্ভর করে এ-সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের ওপর।পুলিশ সূত্র জানায়, ২০১০ সালের জুন পর্যন্ত পুলিশের কাছে প্রত্যাহারের সুপারিশ-সংবলিত সাড়ে তিন হাজার মামলার তালিকা রয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ১০ হাজারের মতো। পরিসংখ্যানে দেখা যায়, রাজনৈতিক বিবেচনার কথা বলা হলেও চুরি, ডাকাতি, নারী নির্যাতন ও নারী পাচারের মামলাও প্রত্যাহারের তালিকায় আছে। এসব মামলার মধ্যে পুলিশ সদর দপ্তর ৫২টি মামলা প্রত্যাহারে আপত্তি জানিয়ে গত ১৪ জুন চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।কিছু উদাহরণ: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় গ্রামীণ ব্যাংকে ডাকাতি ও খুনের মামলা হয় [কসবা থানা মামলা নম্বর ৩০(৪)২০০৩, তারিখ: ২৯-০৪-২০০৩]। কসবা থানার পুলিশ জানায়, এলাকার খররা বাজারে ২০০৩ সালের ২৯ এপ্রিল এই ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে সন্ত্রাসীরা ওই বাজারে ঢুকে প্রহরী সেলিম মোহাম্মদ ও মোতালেবকে খুন করে। এরপর ব্যাংকের নিরাপত্তাকর্মী রফিকুলকে আহত করে তারা ভল্ট ভেঙে টাকা ও জিনিসপত্র লুট করে। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক নির্মল কান্তি রায় বাদী হয়ে খুনসহ ডাকাতির মামলা করেন। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম তদন্ত শেষে ২০০৪ সালের ২৪ এপ্রিল ১৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি ব্রাহ্মণবাড়িয়া আদালতে বিচারাধীন। আসামিদের মধ্যে ইদ্রিস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর কথামতো লুট করা কিছু মালামালও উদ্ধার হয়। থানার পুলিশ জানায়, আসামিরা সবাই ডাকাত, চোরাচালানি ও মাদক ব্যবসায়ী। এদের সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আসামিদের মধ্যে বাবুল মিয়া কসবা এলাকার আওয়ামী লীগের নেতা মনিরুল হকের ভাই। অন্যরা পেশাদার অপরাধী। গত বছরের এপ্রিল মাসে মামলাটি প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়।জানতে চাইলে কসবা থানার ওসি হাম্মাদ হোসেন বলেন, মামলাটি অনেক পুরোনো। তিনি এ ব্যাপারে কিছু জানেন না।মৌলভীবাজারের জুড়ি থানার ডাকাতির মামলা [নম্বর-৬(৯)২০০৬]। ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর জুড়ির কুচাই ডিভিশনে সুব্রত সিংহ চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় তিনি ১২ জনকে আসামি করে মামলা করেন। থানার দারোগা সুজন কান্তি বড়ুয়া তদন্ত শেষে ২০০৭ সালের ২৪ জানুয়ারি ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর মামলাটি বিচারের জন্য মৌলভীবাজার আদালতে পাঠানো হয়। গত বছরের ১৫ এপ্রিল রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়।মামলার বাদী সুব্রত সিংহ চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলাটি প্রত্যাহারের ব্যাপারে তিনি কিছুই জানেন না। স্থানীয় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রাজকুমার পাল প্রথম আলোকে বলেন, এ মামলার আসামিরা কেউ কোনো দল করেন না।শরীয়তপুরের গোসাইরহাট থানার একটি মামলা [নম্বর ৯(১১)২০০৬]। ডামুড্যা থানার একটি মামলা [নম্বর ৩(১১)১৯৯৯]। গত ১২ অক্টোবর এ দুটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এ দুটিও ডাকাতির মামলা। ডামুড্যার মামলার বাদী শ্রীনগরের বাসিন্দা আবদুস সাত্তার। লঞ্চ ডাকাতির ঘটনায় ২০০২ সালের ২৪ জুন তিনি মামলাটি করেছিলেন। পরে পুলিশ তদন্ত করে নয়জনকে অভিযুক্ত করে, পরের বছর ১২ মে অভিযোগপত্র দাখিল করে। এ ঘটনায় জড়িত সবাই পেশাদার লঞ্চ ডাকাত বলে পুলিশ জানিয়েছে।গাজীপুরের কাপাসিয়া থানার দুটি ডাকাতির মামলাও [নম্বর ৮(৪)২০০২ ও ১৬(৯)২০০৭] প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে গত বছরের ২৯ এপ্রিল। পুলিশ সূত্র জানায়, একটি মামলার বাদী কাপাসিয়ার বেলাসি তল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। কাপাসিয়া থানায় তিনি মামলা করার পর পুলিশ পেশাদার ডাকাত হাবিবুর রহমান ওরফে হবু ডাকাত, নাজমুল, শাহীন, আলম, সাইফুর, জসিম, সোহাগ, আওয়ালসহ ১১ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়।একইভাবে নিজের বাড়িতে ডাকাতির ঘটনায় পরের মামলাটি দায়ের করেছিলেন চরকাপাসিয়া গ্রামের কবির হোসেন। পুলিশ এই মামলার ক্ষেত্রে ১১ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। দুটি মামলাতেই অনেক আসামি ছিল অভিন্ন। তার পরও রাজনৈতিক বিবেচনায় মামলা দুটি প্রত্যাহারের সুপারিশ করা হয়।কাপাসিয়া থানার ওসি মীর মোহাম্মদ জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামি নাজমুল, জসিম, সোহাগ, সাইফুল পেশাদার ডাকাত ও সন্ত্রাসী। এদের মধ্যে সোহাগ ও নাজমুল বিদেশে পলাতক। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা আছে। এদের মামলার প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।জানতে চাইলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নুরুল আমীন বলেন, এসব মামলা প্রত্যাহারের বিষয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসক জানেন। তাঁদের সুপারিশ ছাড়া কোনো মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয় না।আরও উল্লেখযোগ্য মামলা: রাজনৈতিক বিবেচনায় আরও যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যশোরের চৌগাছা থানার মামলা [১৪(২)২০০৬], ঝিকড়গাছা থানার মামলা [৪(৭)২০০৫], জামালপুরের মেলান্দহ থানার মামলা [৬(১২)২০০৬], নরসিংদীর পলাশ থানার মামলা [৭(৪)২০০২], বেগমগঞ্জ থানার মামলা [২৮(১২)২০০৬], চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার মামলা [১৪(৪)২০০৪], চট্টগ্রামের রাউজান থানার মামলা [১৫(১০)২০০২], আনোয়ারা থানার মামলা [২(৩)২০০৬], সাতকানিয়া থানার খুনসহ ডাকাতির মামলা [৭(৮)২০০৪ ও ৯(৬)২০০২], লক্ষ্মীপুর সদর থানার মামলা [২৬(২)২০০৬], কুমিল্লার দাউদকান্দি থানার মামলা [২৫(৩)২০০৭], কিশোরগঞ্জ সদর থানার খুনসহ ডাকাতির মামলা [১(৩)২০০৭], ফরিদপুরের ভাঙ্গা থানার মামলা [২৩(১২)২০০৪], নগরকান্দা থানার মামলা [১০(৩)২০০৭ ও ১(১২)২০০৭], নারায়ণগঞ্জের বন্দর থানার মামলা [৫৭(৬)২০০৭], নওগাঁর বদলগাছি থানার মামলা [১২(৫)২০০৩], মান্দা থানার মামলা [১৬(১)২০০২], ঢাকার দোহার থানার মামলা [১১(৫)২০০২], ঢাকা মহানগরের শ্যামপুর ৪১(৯)২০০৭, লালবাগ ১(১১)২০০১ ও ধানমন্ডি থানার ৪(৯)২০০৯ নম্বরের মামলা উল্লেখযোগ্য।বিশেষজ্ঞ মত: জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, মামলা তার মতোই চলতে দেওয়া উচিত। মাঝপথে মামলা প্রত্যাহার হলে বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যেতে পারে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার ধারণা মানুষের মনে জন্মাতে পারে। রাজনৈতিক বিবেচনায় অরাজনৈতিক মামলা প্রত্যাহার করা কোনোভাবেই উচিত নয়।