৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আজ শুরু হচ্ছে
আজ রোববার নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে শুরু হচ্ছে শিক্ষার্থীদের জন্য গণিতের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। বিশ্বের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে মর্যাদাকর এই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য বিশ্বের ১০৫টি দেশের ৫৭৪ জন প্রতিযোগী এখন আমস্টারডামে জড়ো হয়েছে।আট সদস্যের বাংলাদেশ দল গতকাল শনিবার আমস্টারডামে এসে পৌঁছায়। ইতিমধ্যে আয়োজনের প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। এবারের আয়োজনের ব্যবস্থাপনা অন্যবারের চেয়ে কিছুটা ব্যতিক্রম থাকবে বলে জানা গেছে। দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই অনুষ্ঠান।আইএমওতে এবার বাংলাদেশ গণিত দলের সদস্য হিসেবে আছে ধনঞ্জয় বিশ্বাস, কাজী হাসান জুবায়ের, নাফিজা আনজুম, সৌরভ দাস, ফাহিম ফেরদৌস ও নূর মোহাম্মদ শফিউল্লাহ। সঙ্গে দলনেতা হিসেবে আছেন মাহবুব মজুমদার।আইএমওর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আমস্টারডাম থেকে সরাসরি সম্প্র্রচার করা হবে আইএমওর ওয়েবসাইটে (www.imo2011.nl)। পাশাপাশি প্রতিদিনের বিভিন্ন কার্যক্রম ও সংবাদ নিয়ে ভিডিও থাকবে ইউটিউবে (www.youtube.com/imo2011)।প্রসঙ্গত, এবার সপ্তমবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।