৫৩ এনজিওর কর্মকাণ্ড তদারক করবে তৃতীয় পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন তহবিলের আওতায় যেসব প্রকল্প অনুমোদন করা হয়েছে, তাদের কর্মকাণ্ড তৃতীয় পক্ষ দিয়ে তদারকি করা হবে। এ পর্যন্ত যে ৫৩টি এনজিওর প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, তাদের আদৌ অস্তিত্ব আছে কি না—সেটাও খতিয়ে দেখা হচ্ছে।বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্মপরিকল্পনা-২০০৯-এর অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং জলবায়ু বিশেজ্ঞরা উপস্থিত ছিলেন। সেমিনারে সঞ্চালনের দায়িত্বে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে কৌশলপত্রটি তৈরি হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না—এটা পর্যবেক্ষণের দায়িত্ব সবার। এখানে নতুন কোনো বিষয় যুক্ত করার থাকলে সে সুযোগও রয়েছে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সরকারের দারিদ্র্য বিমোচন কার্যক্রম, অর্থনৈতিক উন্নতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে। এখানে একটি ছেড়ে আরেকটি কাজ সঠিকভাবে করা যাবে না।বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কর্মকাণ্ডের দায়িত্বে থাকা মঞ্জুরুল হান্নান খান বলেন, যে ৫৩টি এনজিও এবং ৪৪টি সরকারি প্রকল্প অনুমোদন পেয়েছে; তাদের কর্মকাণ্ড তদারকি করতে তৃতীয় পক্ষ নিয়োগ করা হবে। আর সমাপনী বক্তব্যে বন ও পরিবেশসচিব মেজবাউল আলম বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকার একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করছে এবং একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে।