৫৩.৫ শতাংশ সাংসদ সরাসরি অপরাধে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের মধ্যে ৯৭ শতাংশই নেতিবাচক কার্যক্রমে জড়িত বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব অপরাধের মধ্যে আছে—হত্যা, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও প্রতারণা।‘নবম জাতীয় সংসদের সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব তথ্য জানায়। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।এক গবেষণা চালিয়ে আজ রোববার এক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানেই সংস্থাটি এ দাবি জানায়। নবম জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ওপর এ গবেষণা চালানো হয়। সাতটি বিভাগের ৪২টি জেলায় ৪৪টি দল আলোচনার মাধ্যমে এ তথ্য সংগ্রহ করে। এসব দলে অংশ নিয়েছে ৬০০ জন। তাঁদের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য পেশাজীবী ছিলেন। নেতিবাচক কার্যক্রমে জড়িত সাংসদদের মধ্যে ৮১ দশমিক ৮ শতাংশ স্থানীয় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ, জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব সৃষ্টি করেন। ৭১ দশমিক ৭ শতাংশ সাংসদ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের ঠিকাদারি প্রতিষ্ঠান বা অন্যের লাইসেন্স ব্যবহার করে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেন। গবেষণায় অন্তর্ভুক্ত সাংসদদের মধ্যে ৮ দশমিক ৪ শতাংশ ঢাকা শহরে নিজের বা স্ত্রীর নামে একাধিক জমি ও ফ্ল্যাট থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামার মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন।গবেষণায় আলোচিত ১৪৯টি আসনের সাংসদদের মধ্যে পুরুষ ১৪১ জন (৯৪.৬%) ও নারী সদস্য আটজন (৫.৪%) এবং সরকারদলীয় সাংসদ ১৩৬ জন (৯১.৩%, যা সরকারদলীয় মোট সদস্যের ৪৩.৯%) ও বিরোধীদলীয় সাংসদ ১৩ জন(৮.৭%)। সরকারদলীয় সাংসদদের মধ্যে মন্ত্রী বা প্রতিমন্ত্রী ২৭ জন (১৮.১%)।টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, সাংসদের দায়িত্ব হলো নীতি নির্ধারণ করা, আইন প্রণয়ন করা। তাঁদের নির্ধারিত নীতি বাস্তবায়ন করবে নির্বাহী বিভাগ। কিন্তু সাংসদেরা নিজেদের কাজ না করে স্থানীয় পর্যায়ে নির্বাহী দায়িত্ব পালন করেন। এতে নির্বাহী বিভাগ ও সাংসদ—উভয়েরই জবাবদিহি নষ্ট হচ্ছে।