৫৩টি এনজিওর প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে
৫৩টি এনজিওর প্রকল্প নীতিগত অনুমোদনের পর এখন খতিয়ে দেখা হচ্ছে মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না। এত দিন পর এনজিওগুলোর প্রস্তাবও পুনর্মূল্যায়ন করা হচ্ছে। স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনকে এনজিওগুলোর কার্যালয় ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের সভা শেষে এসব কথা জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড নিয়ে প্রকাশিত প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, প্রক্রিয়াধীন বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করা সুষ্ঠু সাংবাদিকতার পরিপন্থী। আওয়ামী লীগের ১১ জন নেতার পরিচালিত এনজিওর প্রকল্প অনুমোদন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবেদনের এই তথ্য আমার জন্য সহায়ক হয়েছে। কেননা আমার দলের ভেতর থেকে আমার ওপর অনেক চাপ ছিল। তবে এদের সবাই যে চূড়ান্তভাবে অনুমোদন পাবে, তার কোনো নিশ্চয়তা নেই।’ট্রাস্টি বোর্ডের এর আগের সভাগুলোতে সাংবাদিকদের উদ্দেশে পরিবেশ প্রতিমন্ত্রী বলেছিলেন, যে প্রতিষ্ঠানগুলো টাকা পাচ্ছে, সরকার স্থানীয় কমিটির মাধ্যমে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। গণমাধ্যমও ট্রাস্ট ফান্ডের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। সাংবাদিকদের পক্ষ থেকে এ কথা মনে করিয়ে দিলে হাছান মাহমুদ বলেন, এনজিওগুলো সম্পর্কে আমাদের কাছেও অভিযোগ এসেছিল। এনজিওগুলোর প্রবণতা হচ্ছে যেনতেনভাবে টাকা বরাদ্দ নেওয়া। তহবিলের জন্য আবেদন করা বেশির ভাগ এনজিওর যোগ্যতার ঘাটতি আছে।সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদন প্রকাশ করে সরকারকে সঠিক তথ্য জানানো যুক্তিযুক্ত হয়েছে। অর্থ ছাড় করার পর তা সঠিকভাবে ব্যয় না হলে ওই টাকা ফিরিয়ে আনা তো সম্ভব ছিল না। জবাবে হাছান মাহমুদ বলেন, টাকা এখনো ছাড় করা হয়নি। তবে সমালোচনা করা ভালো।একজন সাংবাদিক প্রশ্ন করেন, যে পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট কোনো এনজিও প্রকল্প না পাওয়ায় এই প্রতিবেদন করা হয়েছে কি না। জবাবে হাছান মাহমুদ বলেন, ‘তহবিল পেতে চার হাজার এনজিও আবেদন করেছে। এ ধরনের কোনো এনজিও আবেদন করেছে কি না তা আমার জানা নেই। তবে আমি এভাবে ভাবতে চাই না। আমি ভাবতে চাই, প্রতিবেদনটি সঠিকভাবে করা হয়নি।’সংবাদ সম্মেলনে উপস্থিত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দেশের সংবাদপত্রগুলো যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন করবেন না। এতে জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা শুধুমাত্র হাঁটতে শুরু করেছি। আমাদের ভুলত্রুটি হতে পারে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান।এর আগে দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের সভা হয়। সভায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের অধীনে প্রায় ৩৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে তিনটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি প্রকল্প চট্টগ্রামে। প্রকল্পগুলো হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুর্গম হাওর এলাকায় নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন পাইলট প্রকল্প। এ প্রকল্পের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩০ লাখ টাকা। এ প্রকল্পের অধীনে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় আনুমানিক ৪০০-৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের দুটি প্রকল্পের মধ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন সাংগু নদীর বাঁ তীরে ভাঙনকবলিত অংশে প্রতিরক্ষা প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭৭ লাখ টাকা। এ ছাড়া চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় উপকূলবর্তী এলাকায় সেচ ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে ১৭ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।মন্ত্রণালয়ের ব্যাখ্যা: গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘জলবায়ু তহবিল নয়-ছয়!’ শীর্ষক প্রতিবেদনের ব্যাপারে একটি বক্তব্য পাঠিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এতে বলা হয়, জলবায়ু তহবিল বরাদ্দ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ নয়। ‘নয়-ছয়’ শব্দের মাধ্যমে তহবিল অপব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে। তা ছাড়া তহবিল ‘নয়-ছয়’ অর্থাৎ তসরুফের প্রসঙ্গটি একেবারে অলীক, অবান্তর ও অসত্য।বক্তব্যে বলা হয়, প্রতিবেদনের শিরোনামে ব্যবহূত কয়েকটি শব্দ দ্বারা প্রতীয়মান হয় যে প্রতিবেদনটি কোনো মহলের প্ররোচনায় প্রণীত হতে পারে।প্রতিবেদনে চট্টগ্রাম অঞ্চলের জন্য ৯৮ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম বিভাগের জন্য ৭৯ কোটি ৪৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার মধ্যে জাতীয়ভাবে অবদান রাখবে এমন প্রকল্পও অন্তর্ভুক্ত আছে। উল্লেখ্য, সোনাইছড়ি বোটানিক্যাল গার্ডেন চট্টগ্রামে অবস্থিত হলেও বাংলাদেশের প্রজাতি সংরক্ষণে অবদান রাখবে। সুতরাং এ প্রকল্পটিকে চট্টগ্রাম জেলার প্রকল্প হিসেবে দেখার সুযোগ নেই।প্রতিবেদনে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে প্রশমন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, জলবায়ু তহবিল থেকে প্রশমন কার্যক্রমের জন্য কোনো প্রকল্প অনুমোদন করা হয়নি। জলবায়ু তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত সব প্রকল্প অভিযোজনসংক্রান্ত। কিছু প্রকল্পকে মিটিগেশন ও নিম্ন কার্বন নিঃসরণ উন্নয়ন বিষয়ের। তা মূলত বনায়ন কার্যক্রম এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন সম্পর্কিত।প্রতিবেদকের বক্তব্য: নীতিগতভাবে অনুমোদন পাওয়া ৫৩ এনজিও ও ৪৪টি সরকারি প্রকল্পের নাম পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা ওই তালিকা ধরে অনুসন্ধান করে প্রথম আলোর প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। জনগণের করের টাকায় তৈরি করা তহবিল জনস্বার্থে ব্যবহূত হচ্ছে কি না ও সঠিক সংস্থা ওই তহবিল থেকে বরাদ্দ পাচ্ছে কি না, তা খতিয়ে দেখার উদ্দেশ্যে এই অনুসন্ধান চালানো হয়েছে। জনস্বার্থমূলক প্ররোচনায় প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে। রাজনৈতিকভাবে প্রভাবিত, অদক্ষ ও ভুঁইফোড় সংস্থার বদলে দক্ষ ও অভিজ্ঞ সংস্থা যাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করতে পারে সে লক্ষ্যে প্রতিবেদনের তথ্যগুলো তুলে ধরা হয়েছে।সরকারের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দেওয়া যুক্তির ভিত্তিতেই চট্টগ্রামে বেশি ও খুলনা-বরিশালে কম বরাদ্দ নিয়ে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে। জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অপেক্ষাকৃত ক্ষতিগ্রস্ত, বিপন্ন ও দরিদ্র এলাকায় জলবায়ু তহবিল দেওয়া উচিত। ট্রাস্ট বোর্ড এই নীতি অনুসরণ না করে অপেক্ষাকৃত ধনী জেলা ঢাকা ও চট্টগ্রামে বেশি বরাদ্দ দিয়েছে। আওয়ামী লীগের নেতাদের ও অদক্ষ সংস্থার নামে প্রকল্প নীতিগতভাবে অনুমোদন দেওয়ার বিষয়টি মন্ত্রী নিজেও স্বীকার করেছেন।