৫৪ ঘণ্টা পর বাসটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে তুরাগ নদে ডুবে যাওয়া বাসটি প্রায় ৫৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার করা হয়েছে। গতকাল বাস থেকে দুটি এবং নদ থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার একজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিন রোববার নদ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।গতকাল রাত ১১টার পর এই উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদউল্লাহ রাত পৌনে ১২টায় প্রথম আলোকে জানান, উদ্ধারকাজ সমাপ্ত হলেও শর্ত সাপেক্ষে (কেউ অভিযোগ করলে বা লাশ পাওয়া গেলে) তাঁদের তল্লাশি অভিযান চলবে।বাসটির বেঁচে যাওয়া যাত্রী শাওন শিকদার জানিয়েছিলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নদে পড়ার সময় বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। এখনো নিখোঁজ যাত্রীদের স্বজন এবং উদ্ধারকর্মীদের ধারণা, বাকি যাত্রীদের লাশ প্রবল স্রোতে ভেসে গেছে।গতকাল সাতটি লাশ উদ্ধার করা হয় ভাসমান অবস্থায় মোহাম্মদপুরের বছিলার কাছ থেকে। ঘটনাস্থল সালেপুর সেতু থেকে ওই স্থানের দূরত্ব কয়েক কিলোমিটার।অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সালেপুর সেতুতে ওঠার সময় বৈশাখী পরিবহনের বাসটি তুরাগে পড়ে ডুবে যায়। বাসটি রাজধানীর বাড্ডা থেকে সাভার যাচ্ছিল। প্রায় ২৫ ঘণ্টা পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই সেতুর প্রায় ২০০ গজ দূরে ৪০ ফুট পানির নিচে একটি গর্তে বাসটির সন্ধান পান ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পরিদর্শক চাঁন মিয়া। চেইন কপ্পার (রাস্তার পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক কপিকল লাগিয়ে তোলার পদ্ধতি) সাহায্যে বাসটিকে সোমবার গভীর রাতে সেখান থেকে ১৫ ফুট গভীর পানিতে সরিয়ে আনা হয়। গতকাল সকালে দুটি বার্জের সঙ্গে বাসটিকে বেঁধে টেনে আনার চেষ্টা করা হয়। অবশেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ক্রেন ও সেনাবাহিনীর রেকারের সাহায্যে বাসটিকে তীরে আনা হয় এবং এর ৬০ শতাংশ পানির ওপরে তোলা হয়।আটজনের পরিচয় শনাক্ত: গতকাল যে নয়জনের লাশ উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। এঁদের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মচারী ও সাভারের ইমানদিপুরের বাসিন্দা ওমর ফারুক (৫০), বগুড়ার সারিয়াকান্দির পাইকারতলীর বাসিন্দা ও রংমিস্ত্রি আবদুল মমিনের (২৫) লাশ উদ্ধার হয় বাস থেকে। বগুড়ার ধনুটের নাটাবাড়ীর মুজাহার আলীর ছেলে মাসুদ রানা (২৫), চাঁদপুরের মতলবের ব্রাহ্মণচরের আবদুল খালেকের ছেলে ও এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র আরিফুল ইসলাম (২৩), টাঙ্গাইলের মধুপুরের কারি মহিউদ্দিনের ছেলে ও সাভারের একটি পোশাক কারখানার মাইক্রোবাসের চালকের সহকারী খোরশেদ আলম (৩০), সাভারের আড়পাড়ার বাসিন্দা ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মজিবর রহমান (৬৫), ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুরের বাসিন্দা ও সাভারের ব্যবসায়ী আনোয়ার হোসেন (৬০) ও তাঁর বাল্যবন্ধু প্রশান্ত ভৌমিকের (৬০) লাশ উদ্ধার করা হয় বছিলাসংলগ্ন নিমজ্জিত ইটের ভাটা ও এর আশপাশ থেকে। একই স্থান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।উদ্ধারকর্মীরা ইঞ্জিনচালিত নৌকায় করে লাশগুলো সালেপুর সেতুর পাশের খালি জায়গায় তাঁবুতে নিয়ে এলে স্বজনের খোঁজে দুই দিন ধরে অপেক্ষমাণ লোকজন শনাক্তের জন্য হুমড়ি খেয়ে পড়ে। শনাক্ত করার পর লাশ ঘিরে তাঁরা বুকফাটা কান্নায় ভেঙে পড়েন। লাশ হস্তান্তরের পর তাঁরা লাশ নিয়ে চলে যান। নিখোঁজ ব্যক্তিদের উদ্বিগ্ন স্বজনেরা অপেক্ষায় থাকেন খোঁজ পাওয়ার আশায়। সোমবার মকবুল হোসেন কাজীর লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রোববার হাসপাতালে মৃত ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্রী মনোয়ারা খাতুনকে।ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, প্রতিটি লাশ দাফন ও পরিবহনের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের লাশ হস্তান্তর করা হয়।নিখোঁজ যাত্রীদের স্বজনদের অভিযোগ: এদিকে দুই দিন অপেক্ষা করেও অনেকে নিখোঁজ স্বজনের সন্ধান না পেয়ে লাশ ভেসে যাওয়ার অভিযোগ করেন। উদ্বিগ্ন স্বজনেরা বলেন, আর কত দিন এখানে বসে তাঁরা স্বজনদের জন্য অপেক্ষা করবেন। বৈশাখী পরিবহনে ওঠার পর স্বজনদের সঙ্গে তাঁদের কথা হয়। এর পর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এখনো ফোন বন্ধ।জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) মসজিদের ইমাম হাফিজুর রহমানের সন্ধান পায়নি তাঁর ছেলে ফয়সাল হোসেন ও স্বজনেরা। সোনালী ব্যাংকের নবীনগর শাখার ব্যবস্থাপক আবদুল সালামের খোঁজ পাননি তাঁর বেয়াইন নুরুন্নাহার। তিনি জানান, স্ত্রী-সন্তান নিয়ে সালাম নবীনগরে থাকতেন। স্বামীর খোঁজ না পেয়ে তাঁর স্ত্রী মাজেদা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তাঁর ধারণা, সালামের লাশটি ভেসে গেছে।সাভারের ব্যাংক কলোনির তানিয়া আক্তার জানান, দুর্ঘটনার পর থেকে তাঁর ভাই মামুনুর রশীদের কোনো খোঁজ নেই এবং তাঁর ফোনও বন্ধ।রিকশাচালক নুরুজ্জামান খোঁজ পাননি তাঁর স্ত্রী রহিমা খাতুনের। তিনি জানান, সাভারে শ্যালিকার বাসায় যাওয়ার জন্য রহিমা রোববার ঢাকার টেকনিক্যাল মোড় থেকে বৈশাখী পরিবহনে উঠেছিলেন।উদ্ধারকাজ তদারককারী নৌবাহিনীর কমান্ডার এস এম মনিরুজ্জামান বলেন, বাসটি তীরে আনার সময় টানাটানির কারণে প্রচণ্ড নড়াচড়া (মুভ) করে। এ সময় হয়তো লাশ ভেসে গেছে।ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, মনে হচ্ছে যাত্রীরা বাস থেকে বেরুতে গিয়ে মারা গেছেন এবং অনেক লাশ স্রোতে ভেসে গেছে।যেভাবে বাসটি তীরে আনা হলো: সোমবার দুপুরে বাসের অবস্থান শনাক্তের পর থেকে এটি তীরে আনতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাসদস্যরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। সোমবার গভীর রাতে চেইন কপ্পা পদ্ধতিতে বাসটি গর্ত থেকে সরানো হয়। রাত তিনটার দিকে বাসটি কোমরপানিতে আনা হয়। তবে বাসটি বার্জের ঠিক তলায় চলে যাওয়ায় তা টেনে আনা যাচ্ছিল না। বাসের ওজনের কারণে বার্জটি এগোতে পারছিল না। এ অবস্থায় উদ্ধারকর্মীরা বাসের সঙ্গে কাপড়ের একটি বিশাল আকৃতির বেলুন বেঁধে দেন।ভোর থেকে উদ্ধারকর্মীরা দুটি বার্জের সঙ্গে দড়ি দিয়ে বাসটি বেঁধে টেনে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সকাল সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বাস থেকে একটি লাশ বের করে আনেন। বেলা সাড়ে তিনটার পর উদ্ধারকর্মীরা ক্রেন ও রেকারের সঙ্গে মোটা শেকল বেঁধে বাসটি তীরে ওঠানোর চেষ্টা করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসের ৬০ শতাংশ পানির ওপরে উঠে আসে। এ সময় উদ্ধারকর্মীরা বাস থেকে আরেকটি লাশ উদ্ধার করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেকল ছিঁড়ে গেলে আর পাড়ে ওঠানো যায়নি। এ সময় উৎসুক জনতার ভিড় বেড়ে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। পরে আবার শেকল দিয়ে বেঁধে এটি তোলার চেষ্টা করা হয়।বাসটি তীরের কাছে আনার সময় বিকেল সোয়া চারটা থেকে পাঁচটা পর্যন্ত সালেপুরে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।উদ্ধারকাজ তদারককারী ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, লাশ পাওয়া গেলে তুরাগপারের আশপাশের ইউপি চেয়ারম্যানকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে ফোন নম্বর দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সাতটি লাশ জেলা প্রশাসনের পক্ষ থেকে আনা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের দেওয়া ব্যাগে করে স্বজনেরা লাশ নিয়ে যান। রাত সাড়ে আটটায় সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, বাসের ভেতরে কোনো লাশ নেই বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ কারণে বাসটি পাড়ে ওঠানোর প্রয়োজন নেই বলে তাঁরা মনে করছেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, টায়ার ফেটে যাওয়ায় বাসটি ভারসাম্য হারিয়ে তুরাগ নদে পড়ে যায়।ফায়ার সার্ভিসের মহাপরিচালক রাত পৌনে ১২টায় জানান, বাসটি নদের পাড়ে তোলা হয়েছে। উদ্ধারকাজ সমাপ্ত ঘোষিত হলেও তল্লাশি অভিযানের অংশ হিসেবে সালেপুর সেতুসংলগ্ন তুরাগ তীরে ফায়ার সার্ভিসের নৌযান ও উদ্ধারকর্মী থাকবেন। আজ বুধবার সকালে মোহাম্মদপুরের সীমান্ত বছিলা ও আশপাশের জলসীমায় সেনা, নৌ, বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড লাশ উদ্ধারে তল্লাশি চালাবে। বিমানবাহিনীর হেলিকপ্টার নদের ওপর টহল দেবে। তিনি জানান, ওই বাসে কতজন যাত্রী ছিল, কতজন নিখোঁজ রয়েছে, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে বসে আজ তালিকা করা হবে।মামলা হয়নি: দুর্ঘটনার ব্যাপারে গত রাত ১২টা পর্যন্ত সাভার থানায় কোনো মামলা হয়নি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান।