হরতালের আগের দিন গতকাল শনিবার মিছিল বের করার চেষ্টাকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে ১০ জন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে দাবি করা হয়েছে।মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, কারাদণ্ড দেওয়ার পর ৫৪ জনকেই গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হরতালের সমর্থনে ছাত্রশিবির একটি মিছিল নিয়ে কাকরাইল থেকে শান্তিনগর মোড়ে যায়। শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সেখানে সমাবেশ করতে কর্মী-সমর্থকেরা জড়ো হলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন। ছাত্রশিবির দাবি করেছে, পুলিশ তাদের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন আরও ১৫ জন। পরে রমনা এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।ছাত্রশিবিরের সভাপতি ফখরুদ্দিন মানিক ও সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন পুলিশি হামলার নিন্দা জানিয়ে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন।তেজগাঁও: দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজারসংলগ্ন আন্ডারপাসের কাছে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদণ্ড দেন।মোহাম্মদপুর: বিকেলে মোহাম্মদপুর এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১০ জন গ্রেপ্তার হন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন।মিরপুর: বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর ১০ নম্বরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।একইভাবে আদাবর থানা পুলিশ ১৩ জন, শেরেবাংলা নগর দুজন, রামপুরা থানা দুইজন, শিল্পাঞ্চল থানা দুইজন, সবুজবাগে একজন ও শাহবাগ থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। তাঁরাও হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদেরও কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।