৫৪ ধারা, খুনের মামলা তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে টানা ছয় দিন আটকে রাখা। তারপর ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার। আদালতে নিলে জামিনে মুক্তি। সাত দিন পর আবার হাজিরা এবং অভিযোগ থেকে অব্যাহতি। সঙ্গে সঙ্গে তিন খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন। সেখান থেকে কারাগারে। একজন বিধবা মা (৪২) আর তাঁর মেয়ের (২১) সঙ্গে এই আচরণ করেছে কুষ্টিয়ার পুলিশ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও অধিকারের কর্মীরা অনুসন্ধান করে ওই বিধবা মা ও তাঁর মেয়ের ওপর পুলিশ হেফাজতে অমানবিক নির্যাতনের তথ্য পেয়েছেন। সংস্থা দুটির কর্মকর্তারা জানান, তাঁদের কাছে ওই মা অভিযোগ করেছেন, অন্ধকার ঘরে ছয় দিন আটকে রেখে শারীরিক নির্যাতনের শিকার তাঁর মেয়েটি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। আসক গত বুধবার বিষয়টি লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়ার সালাম মোল্লা খুন হন। এরপর তাঁর বিধবা স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে রাজবাড়ী জেলার বেড়াডাঙ্গায় বাপের বাড়ির এলাকায় চলে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র, অধিকার ও আসকের অনুসন্ধানে পাওয়া তথ্যে জানা যায়, ৯ সেপ্টেম্বর ভোররাতে রাজবাড়ী শহরের বাসা থেকে ওই বিধবা মা ও তাঁর মেয়েকে কুষ্টিয়া জেলা পুলিশ ধরে নিয়ে আসে। কিন্তু তাঁদের দুই দিন দুই রাত আটকে রাখা হয় ২৫ কিলোমিটার দূরের খোকসা থানায় নিয়ে। সেখানেই মেয়েটি শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ আছে। এরপর মা-মেয়েকে কুষ্টিয়া জেলা পুলিশ লাইনে অবস্থিত গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানেও অন্ধকার কক্ষে রেখে দুজনকে নির্যাতন করা হয় বলে মানবাধিকার সংগঠনগুলোর কাছে অভিযোগ আছে । মা-মেয়েকে ছয় দিন ধরে আটক রাখার বিষয়টি জানাজানি হলে ১৫ সেপ্টেম্বর শেষবেলায় তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়ার আদালতে হাজির করে শহর থেকে ১২ কিলোমিটার দূরের কুমারখালী থানার পুলিশ। আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ দাবি করে, খোকসা জিলাপিতলা থেকে ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় মা-মেয়েকে সন্দেহমূলক কারণে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠান। ১৮ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে আবেদন করলে আদালত তাঁদের জামিন দেন। ২৫ সেপ্টেম্বর বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পায়। পরদিন ২৬ সেপ্টেম্বর ধার্য তারিখে মা-মেয়ে আদালতে হাজিরা দেন। আদালত শুনানি শেষে ৫৪ ধারার অভিযোগ থেকে তাঁদের অব্যাহতি দেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের কুমারখালী থানা এলাকায় গত ২৮ জুলাই ঘটা তিন খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এবার বলা হয়, এই দুই নারী মুঠোফোনের সাহায্যে সন্ত্রাসীদের সঙ্গে তথ্য আদান-প্রদান করছেন। এতে খুনের মামলার তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। আদালত আবেদন মঞ্জুর করে মা-মেয়েকে কারাগারে পাঠান।গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৮ জুলাই শিলাইদহ খেয়াঘাটে সন্ত্রাসীরা প্রকাশ্যে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম, আমবাড়িয়া গ্রামের আনসার আলী, মনিরুল ইসলামকে গুলি ও জবাই করে হত্যা করে। ওই তিন খুনের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তোফাজ্জেল ১২ সেপ্টেম্বর ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। কিন্তু রাজবাড়ীতে বসবাসরত এই মা-মেয়ে মামলার আসামি নন। কুষ্টিয়া জজ আদালতের নারী-শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হচ্ছে, মা-মেয়েকে গ্রেপ্তার করে হত্যার প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।’ মা-মেয়ের আইনজীবী মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ওই তিন খুনের মামলায় এই মা-মেয়ে ছাড়া আরও আটজন গ্রেপ্তার আছেন। তাঁদের কারও নাম এজাহারে নেই। কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেননি। তবে তিন ব্যক্তি বিচারিক হাকিমের আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁদের কেউ কোনো নারীর নাম বলেননি। অধিকারের অনুসন্ধান কর্মকর্তা কোরবান আলী বলেন, জামিনে মুক্তির পর ওই মা তাঁকে বলেছিলেন, তাঁদের আটক রেখে পুলিশ সম্প্রতি ‘ক্রসফায়ারে’ নিহত তোফাজ্জেলের স্ত্রীর খোঁজ জানতে চাইত। তিনি আরও জানান, এই মা-মেয়ের আরেক তরুণী আত্মীয়কেও খোকসা থানার পুলিশ তিন দিন আটক রেখেছিল। তাঁকে দিয়ে বিভিন্ন ব্যক্তিকে মুঠোফোনে ফাঁদে ফেলানোর চেষ্টা করা হয়। পরে পুলিশ তরুণীটিকে ছেড়ে দেয়। আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (তদন্ত) মো. নূর খান প্রথম আলোকে বলেন, তাঁরা এই ঘটনায় অনুসন্ধান করে মা ও মেয়ের ওপর অমানবিক নির্যাতনের বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত পেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, তিন খুনের ঘটনায় যদি সম্পৃক্ততার তথ্য-প্রমাণ থাকে, তা হলে পুলিশ প্রথমে মা-মেয়েকে খুনের মামলায় গ্রেপ্তার না দেখিয়ে কেন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখাল? নূর খান দাবি করেন, তাঁরা অনুসন্ধানে জেনেছেন, পুরো বিষয়টি কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনের তত্ত্বাবধানে হয়েছে। এই কর্মকর্তা কুষ্টিয়ায় লেখাপড়া করেন। বিয়ে করেন এই জেলায়। এখানে এই সরকারের আমলে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি হন। পদোন্নতি পেয়ে এখনো তিনি কুষ্টিয়াতেই আছেন। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন দাবি করেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কুষ্টিয়ার বহুল আলোচিত এই ঘটনা শুনেছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, মা-মেয়ের ঘটনা শুনেছেন। খোঁজখবর করেছেন কি না—জানতে চাইলে বলেন, ‘না, খোঁজ নিইনি। মামলার তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার ওসি। তিনিই ভালো জানেন।’কুমারখালী থানার ওসি আবদুর রাজ্জাক মা-মেয়েকে ছয় দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, তিন খুনের মামলায় মা-মেয়েকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ওসি শরিফ উদ্দীন খলিফা বলেন, ‘শুনেছি ৯ সেপ্টেম্বর এই মা-মেয়েকে কুষ্টিয়া পুলিশ আটক করে নিয়ে গেছে।’ এঁদের বিরুদ্ধে তাঁর থানায় কোনো অভিযোগ নেই বলে জানান ওসি।